ইভির চাহিদা কমলেও নির্মাতারা আশাবাদী

ট্রাম্প প্রশাসন গত মাসে ফেডারেল কর রেয়াত সুবিধা বাতিল করায় যুক্তরাষ্ট্রের বাজারে ইভির চাহিদা হঠাৎই কমে গেছে।

ট্রাম্প প্রশাসন গত মাসে ফেডারেল কর রেয়াত সুবিধা বাতিল করায় যুক্তরাষ্ট্রের বাজারে ইভির চাহিদা হঠাৎই কমে গেছে। ৭ হাজার ৫০০ ডলারের কর রেয়াত শেষ হওয়ার পর আগামী প্রান্তিকগুলোয় বিক্রি বড় ধরনের ধাক্কা খাবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা। বিশ্বের শীর্ষ বাজারে চাহিদার পতন সত্ত্বেও এ খাতের কোম্পানিগুলো এখনো প্রবৃদ্ধি নিয়ে আশাবাদী। খবর সিএনএন।

প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী গাড়ি নির্মাতারা ইভি খাত থেকে পিছু হটছে না। সম্পূর্ণ ইভি-নির্ভর না হলেও তারা ধীরে ধীরে নতুন বিনিয়োগ অব্যাহত রেখেছে। কারণ যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে গ্যাসচালিত গাড়ির ভবিষ্যৎও অনিশ্চিত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। পাশাপাশি চীনে দ্রুত বাড়তে থাকা ইভি বাজারে পিছিয়ে পড়ার ঝুঁকি নিতে চায় না কোনো কোম্পানিই।

ওয়েডবুশ সিকিউরিটিজের প্রযুক্তি বিশ্লেষক ড্যানিয়েল আইভস বলেন, ‘গাড়ি নির্মাতারা এখন আর সম্পূর্ণ ইভি-নির্ভর ভবিষ্যতের কথা বলছেন না। তবে ফোর্ড, জিএম ও স্টেলান্টিসসহ অনেক কোম্পানি এখনো জোরালোভাবে ইভির পথে এগোচ্ছে, শুধু আগের তুলনায় এখন তারা বেশি সতর্ক অবস্থান বজায় রাখছে।’

কর রেয়াত শেষ হওয়ার আগেই চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-আগস্ট) যুক্তরাষ্ট্রে ইভি বিক্রিতে হঠাৎ উল্লম্ফন দেখা যায়। এ সময় টেসলা, ফোর্ড ও জেনারেল মোটরস রেকর্ড পরিমাণ গাড়ি বিক্রি করে।

জিএমের বিক্রি আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। তবে পরবর্তী সময়ে বিক্রি আবার কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফোর্ডের প্রধান নির্বাহী জিম ফারলি বলেন, ‘চলতি বছর ইভি বিক্রি যুক্তরাষ্ট্রের মোট গাড়ি বিক্রির ৫ শতাংশে নেমে আসতে পারে, যা গত বছরের ৭ শতাংশের নিচে।’

জিএমের প্রধান আর্থিক কর্মকর্তা পল জ্যাকবসন বলেন, ‘ইভির চাহিদা দ্রুত হ্রাস পাবে।’

এদিকে আগস্টে ইভি উৎপাদনে ৫০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ফোর্ড। সংস্থাটি বলেছে, এটি তাদের জন্য ‘নেক্সট মডেল টি মোমেন্ট’। অর্থাৎ এক নতুন যুগের সূচনা, যেমনটি হয়েছিল শত বছর আগে ফোর্ডের প্রথম গাড়ি মডেল টি চালুর সময়। অন্যদিকে হুন্দাইও যুক্তরাষ্ট্রে তাদের নতুন ইভি কারখানায় বিনিয়োগ পরিকল্পনা অপরিবর্তিত রেখেছে।

প্রণোদনা তুলে নেয়ার পাশাপাশি বাইডেন যুগের পরিবেশসংক্রান্ত কঠোর নিয়মও বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। আগে যেসব রাজ্যে ২০৩৫ সালের মধ্যে গ্যাসচালিত গাড়ি বিক্রি বন্ধের বিধান ছিল, তা নিয়েও আইনি লড়াই চলছে। বিশ্লেষকদের মতে, এসব পরিবর্তনে গাড়ি খাতের ভবিষ্যৎ আরো অনিশ্চিত হয়ে উঠেছে।

অন্যদিকে নির্মাতাদের আশাবাদের অন্যতম কারণ হলো, ব্যাটারির দাম কমলে ইভি আবার সাশ্রয়ী হয়ে উঠতে পারে। ফোর্ড জানিয়েছে, তারা ২০২৭ সালের মধ্যে ৩০ হাজার ডলারের ইভি পিকআপ বাজারে আনবে। কোম্পানিটির ডিজাইন কর্মকর্তা ডগ ফিল্ড বলেন, ‘আমরা মডেল টির অনুপ্রেরণা থেকে কাজ করছি। এটি হবে ফোর্ড ও পুরো গাড়ি শিল্পের জন্য এক নতুন মোড়।’

আরও