চার বছরে প্রথমবার সুদহার কমল অস্ট্রেলিয়ায়

প্রায় সাড়ে চার বছরে প্রথমবারের মতো বেঞ্চমার্ক সুদহার কমিয়েছে অস্ট্রেলিয়া।

প্রায় সাড়ে চার বছরে প্রথমবারের মতো বেঞ্চমার্ক সুদহার কমিয়েছে অস্ট্রেলিয়া। দেশটিতে মূল্যস্ফীতি শিথিল হয়ে আসায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর এপি।

রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়ার পরিচালনা পর্ষদ গতকাল বছরের প্রথম সভায় বসে। এরপর জানানো হয়, সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ৩৫ থেকে ৪ দশমিক ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে।

শেষবার ২০২০ সালের অক্টোবরে সুদহার কমে অস্ট্রেলিয়ায়। এবারের কাটছাঁট ব্যাপক প্রত্যাশিত ছিল। কারণ ডিসেম্বরে মূল্যস্ফীতির হার ছিল মাত্র দশমিক ২ শতাংশ এবং পুরো ২০২৪ সালে ছিল ২ দশমিক ৪ শতাংশ। দুই বছর আগে দেশটিতে বার্ষিক মূল্যস্ফীতি সর্বোচ্চ ৭ দশমিক ৮ শতাংশে পৌঁছে।

সুদহার নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্ফীতি ২-৩ শতাংশ লক্ষ্যমাত্রায় ধরে রাখার চেষ্টা করছে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া।

২০২২ সালের সর্বোচ্চ স্তর থেকে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। সামগ্রিক চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য আনতে কাজ করছে উচ্চ সুদহার।

অস্ট্রেলিয়ায় বেকারত্বের হার ডিসেম্বরে ছিল ৪ শতাংশ, যা নভেম্বরের ৩ দশমিক ৯ শতাংশ থেকে কিছুটা বেশি। তবে বেকারত্ব এখনো প্রায় রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

নির্বাচন সামনে রেখে সুদহার কমানোর পদক্ষেপ প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জন্য ইতিবাচক হতে পারে। সর্বশেষ ১৩ দফা সুদহার বাড়ানোর মধ্যে ১২টিই ঘটেছে সরকারের চলতি মেয়াদে।

সুদহার বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছিল আগের সরকারের শেষ দিকে। ২০২২ সালের ৪ মে সুদহার রেকর্ড সর্বনিম্ন দশমিক ১ থেকে বেড়ে দশমিক ৩৫ শতাংশ হয়।

কেন্দ্রীয় ব্যাংক ২০২৩ সালের নভেম্বর থেকে বেঞ্চমার্ক সুদহার ৪ দশমিক ৩৫ শতাংশে স্থির রেখেছিল। ২০১১ সালের ডিসেম্বরে সুদহার ৪ দশমিক ৫ থেকে ৪ দশমিক ২৫ শতাংশে কমে আসার পর এ হার ছিল সর্বোচ্চ।

আরও