চাহিদা মন্দায় এশিয়ার দেশগুলোয় চাল বাণিজ্যে এখনো ধীরগতি

এশিয়ার চালের বাজারে আমদানি-রফতানিতে গত সপ্তাহেও ধীরগতি অব্যাহত ছিল।

এশিয়ার চালের বাজারে আমদানি-রফতানিতে গত সপ্তাহেও ধীরগতি অব্যাহত ছিল। এ সময় ভারতে খাদ্যশস্যটির দাম আগের তুলনায় কমলেও থাইল্যান্ড ও ভিয়েতনামে স্থিতিশীল ছিল। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, বাজারে ক্রেতা দেশগুলোর চাহিদা কম থাকায় সামগ্রিক বাণিজ্য কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। খবর রয়টার্স ও হেলেনিক শিপিং নিউজ।

ভারতের ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম গত সপ্তাহে ছিল টনপ্রতি ৩৮০-৩৮৫ ডলার। আগের সপ্তাহে দেশটিতে প্রতি টন চাল ৩৮২-৩৮৭ ডলারে বেচাকেনা হয়েছে। এছাড়া গত সপ্তাহে ভারতে ৫ শতাংশ খুদযুক্ত আতপ চালের রফতানি মূল্য ছিল টনপ্রতি ৩৭৪-৩৮০ ডলার।

একটি বৈশ্বিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের নয়া দিল্লিভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘মূল রফতানিকারক দেশগুলোয় দাম কমতে থাকায় ক্রেতা দেশগুলো আমদানি স্থগিত রেখেছেন।’

থাইল্যান্ডের ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম গত সপ্তাহে টনপ্রতি ৩৮০ ডলারে স্থিতিশীল ছিল। ব্যাংককের এক ব্যবসায়ী বলেন, ‘ক্রেতার সংখ্যা খুবই কম। নতুন মৌসুমের ধান বাজারে এলে আগস্টের শুরুতে দাম আরো কমে যেতে পারে।’

এদিকে ভিয়েতনামের ৫ শতাংশ খুদযুক্ত চালের দরও টনপ্রতি ৩৮২ ডলারে স্থিতিশীল রয়েছে। হো চি মিন সিটির এক ব্যবসায়ী জানান, ‘নতুন কোনো আমদানি চুক্তি হচ্ছে না। চাহিদায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।’

সরকারি তথ্যানুযায়ী, জুনে ভিয়েতনামের চাল রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৫ লাখ ২৬ হাজার টনে দাঁড়িয়েছে। বছরের প্রথমার্ধে দেশটির মোট রফতানির পরিমাণ ছিল ৪৭ লাখ ৩০ হাজার টন।

এদিকে চলতি বছরের প্রথমার্ধে ইন্দোনেশিয়ায় চাল রফতানি কমে যাওয়ায় ভিয়েতনাম শিগগিরই দেশটির সঙ্গে নতুন একটি চাল বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে বলে দেশটির সরকার জানিয়েছে।

আরও