বাংলাদেশ থেকে আরো বেশি হারে দক্ষ মানবসম্পদ নেয়ার জন্য দক্ষিণ কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ। তিনি বলেন, ‘আমাদের শিক্ষিত তরুণ ফ্রিল্যান্সাররা সম্প্রতি সেমিকন্ডাক্টর শিল্পে ডিজাইন তৈরিতে বেশ ভালো করছেন।’ এ খাতের প্রযুক্তিগত উন্নয়নে দক্ষিণ কোরিয়ার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি। একই সঙ্গে চামড়া ও চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, জাহাজ নির্মাণ, এপিআই, অটোমোবাইল, ইলেকট্রনিকস, সেমিকন্ডাক্টর, তথ্যপ্রযুক্তি প্রভৃতি খাতে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি এসব শিল্প খাতে আরো বেশি হারে বিনিয়োগের আহ্বান জানান।
বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক গতকাল ডিসিসিআই সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান।
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ জানান, বাংলাদেশে বিনিয়োগকারী দেশ হিসেবে দক্ষিণ কোরিয়ার অবস্থান তৃতীয়। এরই মধ্যে দেশটি এখানে ১ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।
সাক্ষাৎকালে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক বলেন, ‘বিপুল মানবসম্পদ, ভৌগোলিক অবস্থান, বৃহৎ ভোক্তা বাজার প্রভৃতির ফলে বাংলাদেশ বিদেশী বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এছাড়া ইলেকট্রনিক পণ্য, মোবাইল, অটোমোবাইল, তথ্যপ্রযুক্তি প্রভৃতি খাতে বাংলাদেশে বিদেশী বিনিয়োগের প্রচুর সুযোগ রয়েছে।’
এ সময় ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী, সহসভাপতি মো. সালিম সোলায়মানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।