সরকারি কোষাগারে শুল্ক ও কর সরাসরি জমা দেয়ার জন্য ‘এ-চালান’ সিস্টেম চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ ব্যবস্থায় আমদানিকারক, রফতানিকারক ও তাদের মনোনীত সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং) এজেন্টরা ঘরে বসে অনলাইনের মাধ্যমে যেকোনো সময় শুল্ক-কর পরিশোধ করতে পারবেন। অর্থ বিভাগ ও এনবিআরের যৌথ উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের শুরুতেই এ ব্যবস্থা চালু করা হয়েছে। এনবিআর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, এ সিস্টেমের মাধ্যমে এনবিআরের কাস্টমস সিস্টেম অ্যাসাইকুডা ওয়ার্ল্ড এবং অর্থ বিভাগের আইবিএস++ প্লাটফর্মের মধ্যে সফল প্রযুক্তিগত সংযুক্তি (ইন্টিগ্রেশন) সম্পন্ন হয়েছে। ফলে অফলাইন বা অনলাইনে করদাতারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি সরকারি কোষাগারে অর্থ পরিশোধ করতে পারবেন, যা তাৎক্ষণিকভাবে সরকারি তহবিলে জমা হবে। ফলে রাজস্ব খাতে সরকারের তাৎক্ষণিক ব্যয় সক্ষমতাও বৃদ্ধি পাবে।
আগে আরটিজিএস পদ্ধতির মাধ্যমে দিনের নির্দিষ্ট সময়ে শুল্ক-কর জমা দিলেও তা কোষাগারে পৌঁছাতে কয়েকদিন সময় লাগত। ফলে সরকারের আর্থিক প্রবাহে বাধা সৃষ্টি হতো। নতুন ব্যবস্থায় সেই বিলম্ব দূর হবে।
‘এ-চালান’ সিস্টেমে ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, উপায়, রকেট, এমক্যাশ, ট্রাস্টপে ইত্যাদি মাধ্যমে অনলাইন পেমেন্ট করা যাবে। পাশাপাশি দেশের ৬১টি ব্যাংকের ১১ হাজার ৭০০ শাখা থেকে চেক ক্লিয়ারিং বা অ্যাকাউন্ট ডেবিটের মাধ্যমেও শুল্ক-কর জমা দেয়া যাবে। পরিশোধ শেষে সিস্টেম জেনারেট করা রসিদ নম্বর দিয়েই বন্দর থেকে দ্রুত পণ্য খালাস করা যাবে।
চট্টগ্রাম কাস্টম হাউজে ১ ও ২ জুলাই প্রশিক্ষণের পর ৩ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতিতে শুল্ক-কর আদায় শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ৭৫টি বিল অব এন্ট্রির বিপরীতে ১৩ কোটির বেশি টাকার রাজস্ব সরাসরি কোষাগারে জমা হয়। এর আগে ২৩ এপ্রিল কমলাপুর আইসিডিতে এবং পরবর্তী সময়ে পানগাঁও কাস্টম হাউজে এ পদ্ধতি পরীক্ষামূলকভাবে চালু করা হয়।
এনবিআর জানিয়েছে, ৭ জুলাই থেকে ঢাকা কাস্টম হাউজসহ দেশের সব কাস্টমস স্টেশনে ‘এ-চালান’ সিস্টেম চালু হবে। সংস্থাটি মনে করে, এ উদ্যোগ রাজস্ব আহরণে স্বচ্ছতা, পণ্য খালাসের গতি বৃদ্ধি এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও গতিশীলতা নিয়ে আসবে।