মেক্সিকো-কানাডার সঙ্গে বাণিজ্য চুক্তি নবায়ন করবে না যুক্তরাষ্ট্র

মেক্সিকো ও কানাডার সঙ্গে করা ত্রিপক্ষীয় বাণিজ্য চুক্তি ‘ইউএস-মেক্সিকো-কানাডা অ্যাগ্রিমেন্ট’ (ইউএসএমসিএ) নবায়ন করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র।

দেশ দুটির সঙ্গে থাকা বড় ধরনের বাণিজ্য ঘাটতির কথা উল্লেখ করে স্থানীয় সময় বুধবার এ সিদ্ধান্তের কথা জানায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ফলে উত্তর আমেরিকার প্রভাবশালী বাণিজ্য চুক্তিটির ভবিষ্যৎ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।

চুক্তি অনুযায়ী, নির্দিষ্ট সময় পর পর তিন দেশের সম্মতির ভিত্তিতে এটি নবায়নের নিয়ম রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিজের অবস্থানে অনড়।

ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার বলেন, ‘যুক্তরাষ্ট্র বর্তমান কাঠামোতে ইউএসএমসিএ চুক্তিটি নবায়ন করতে সম্মত হয়নি।" তবে মেক্সিকো ও কানাডার সঙ্গে বাণিজ্যিক আলোচনা ও যোগাযোগ অব্যাহত রাখা হবে।’

তিনি জানান, কানাডা ও মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশাল বাণিজ্য ঘাটতি রয়েছে। মার্কিন প্রশাসন দীর্ঘদিন ধরেই এ ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে আসছিল। বর্তমান চুক্তিটির কারণে মার্কিন অর্থনীতি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি ওয়াশিংটনের। তাই নিজেদের স্বার্থ সুরক্ষায় ও বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে তারা চুক্তিতে বড় ধরনের পরিবর্তন চায়।

উল্লেখ্য, তিন দেশের মধ্যে দীর্ঘ আলোচনা ও আইনি প্রক্রিয়া শেষে ২০২০ সালের ১ জুলাই থেকে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। বর্তমান ইউএসএমসিএর মেয়াদ ২০৩৬ সালের জুলাই পর্যন্ত বহাল রয়েছে। তবে চুক্তির নিয়ম অনুযায়ী, প্রতি ছয় বছর পর পর তিন দেশের সম্মতিতে মেয়াদ আরো ১৬ বছরের জন্য বাড়ানোর সুযোগ থাকে।

আরও