এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ৩০ মিলিয়ন ডলারের একটি সাসটেইনেবিলিটি-লিংকড লোন ফ্যাসিলিটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশের এনভয় টেক্সটাইলস লিমিটেড। এটি বাংলাদেশে এডিবির প্রথম সাসটেইনেবিলিটি-লিংকড ঋণ চুক্তি। এর আগে ২০২২ সালে টেক্সটাইল উৎপাদন প্রকল্পে এনভয়ের সঙ্গে এডিবির অংশীদারত্ব ছিল।
সাসটেইনেবিলিটি-লিংকড লোন হলো কর্মক্ষমতা-নির্ভর একটি অর্থায়ন ব্যবস্থা, যেখানে ঋণগ্রহীতা পূর্বনির্ধারিত পরিবেশবান্ধব লক্ষ্য পূরণ করলে সুবিধা পান। এনভয়ের জন্য নির্ধারিত সূচকগুলোর মধ্যে রয়েছে ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস।
এই ঋণের অর্থ এনভয়ের উৎপাদন প্ল্যান্টের সম্প্রসারণ ও আধুনিকায়নে ব্যবহার করা হবে। বিশেষত—
জামিরদিয়ায় অবস্থিত এনভয়ের উৎপাদন কারখানায় নতুন স্পিনিং ইউনিট তৈরি ও ডিজাইনের জন্য অর্থায়ন করা হবে। এই ইউনিটের মাধ্যমে বার্ষিক সুতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পাবে। কারখানায় ৩.৫ মেগাওয়াট পিক ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্যানেল স্থাপন করা হবে। স্বল্পমেয়াদী স্থানীয় ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ পরিশোধের জন্য এই অর্থ ব্যবহার করা হবে। নতুন স্পিনিং ইউনিটটি স্বয়ংক্রিয় এবং অধিক শক্তি-সাশ্রয়ী হবে। এর বার্ষিক সুতা উৎপাদন ক্ষমতা হবে ৪,৫৫০ টন— যা মূলত ডেনিম কাপড়ের অভ্যন্তরীণ উৎপাদনে ব্যবহৃত হবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইয়ুন জিয়ং বলেন, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির একটি মূল চালিকা শক্তি, যা দেশের মোট রফতানি আয়ের ৮০%-এরও বেশি জোগান দেয়। এনভয় এই শিল্পের অন্যতম প্রধান ডেনিম কাপড় প্রস্তুতকারক।
তিনি আরো বলেন, ঋণ শুধু পরিবেশবান্ধব শিল্প উন্নয়নকেই ত্বরান্বিত করবে না, বরং দেশের পোশাক খাতে আধুনিকায়নের নতুন মানদণ্ডও স্থাপন করবে।
এনভয়ের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, এডিবির ধারাবাহিক সহযোগিতা আমাদের টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনের অঙ্গীকারকে আরো দৃঢ় করছে। নতুন ঋণ আমাদের উৎপাদন বাড়াতে, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করতে এবং পরিবেশগত প্রভাব হ্রাসে সহায়তা করবে।
এনভয় বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় ডেনিম কাপড় প্রস্তুতকারক, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫৪ মিলিয়ন গজ। এটি দেশের মোট ডেনিম কাপড়ের প্রায় ১০%। উল্লেখ্য, এনভয়ের কারখানাটি হলো ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল কর্তৃক বিশ্বের প্রথম প্ল্যাটিনাম লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন (লিড) সনদপ্রাপ্ত ডেনিম উৎপাদন কেন্দ্র।