১৪ মাসের সর্বোচ্চে কয়লার দাম

বিশ্ববাজারে কয়লার দাম ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

ফেব্রুয়ারি শেষে প্রতি টন কয়লার দাম ১১৯ ডলার ছাড়িয়েছে, যা ২০২৪ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ। পরিবেশবান্ধব জ্বালানির দিকে ঝোঁকার প্রবণতা থাকলেও জ্বালানি নিরাপত্তার প্রয়োজনে বড় দেশগুলোয় কয়লার চাহিদা বাড়ছে। ফলে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম ধারাবাহিকভাবে বাড়ছে। খবর হেলেনিক শিপিং নিউজ।

বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারী ও ভোক্তা দেশ হিসেবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অব্যাহত রেখেছে চীন। বেইজিং এখন বৈদ্যুতিক গ্রিডের সক্ষমতা ও নির্ভরযোগ্যতাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। এ অবস্থায় ৪ মার্চ থেকে শুরু হতে যাওয়া চীনের বার্ষিক ‘টু সেশনস’ বৈঠকের দিকে তাকিয়ে আছেন বিনিয়োগকারীরা। বৈঠকটিতে ২০২৬-৩০ মেয়াদের জন্য ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার নীতিগত লক্ষ্যগুলো ঘোষণা করার কথা রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংকটে থাকা কয়লা বিদ্যুৎ খাতকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছেন। এ খাতের ছয়টি বিদ্যুৎ কেন্দ্রের আধুনিকায়নে তিনি ১৭ কোটি ৫০ লাখ ডলার ফেডারেল তহবিল বরাদ্দ করেছেন। এছাড়া মার্কিন প্রতিরক্ষা বিভাগকে অতিরিক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও