এশিয়ার স্পট মার্কেটে এলএনজির দরবৃদ্ধি

পর্যাপ্ত মজুদ থাকার পরও এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম গত সপ্তাহে কিছুটা বেড়েছে।

পর্যাপ্ত মজুদ থাকার পরও এশিয়ার স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম গত সপ্তাহে কিছুটা বেড়েছে। খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, উত্তর-পূর্ব চীনে শীতল আবহাওয়ার পূর্বাভাসের কারণে চাহিদা বাড়ার সম্ভাবনা এ মূল্যবৃদ্ধির পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।

শিল্পসংশ্লিষ্ট সূত্রের দেয়া হিসাব অনুযায়ী উত্তর-পূর্ব এশিয়ায় ডিসেম্বরে সরবরাহের জন্য গত সপ্তাহে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ছিল ১১ ডলার ১০ সেন্ট, যা আগের সপ্তাহের ১১ ডলারের তুলনায় কিছুটা বেশি।

এ বিষয়ে ব্রেইনচাইল্ড কমোডিটি ইন্টেলিজেন্সের বাজার বিশ্লেষক ক্লাস ডোজেমান বলেন, ‘চীনের কিছু অঞ্চলে বিদ্যুৎ উৎপাদনে এলএনজির চাহিদা বাড়তে পারে। এ কারণে এশিয়ায় জ্বালানি পণ্যটির চাহিদা কিছুটা বেড়েছে।’

তিনি আরো জানান, লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের কেন্দ্রীয় ও পূর্ব অংশের তাপমাত্রা কমতে পারে। তাই শীতকালীন বিদ্যুৎ চাহিদা মেটাতে এলএনজির চাহিদা কিছুটা বাড়তে পারে। যদিও তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। কারণ চীনের বাণিজ্য তথ্যানুযায়ী দেশটিতে আমদানি ও রফতানি কিছুটা বাড়লেও সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেছে।

আর্গাসের হেড অব এলএনজি প্রাইসিং মার্টিন সিনিয়র জানান, এশিয়ার কিছু দেশ কম দামে এলএনজি কেনার জন্য টেন্ডার আহ্বান করেছে। তবে দক্ষিণ কোরিয়ায় উচ্চ মজুদ এবং সাম্প্রতিক কয়লা ব্যবহার বৃদ্ধির কারণে এলএনজির চাহিদা কমেছে। ফলে অক্টোবরের প্রথমার্ধে দেশটির এলএনজি আমদানি আট বছরের সর্বনিম্নে নেমেছে।

এদিকে ইউরোপে গত শুক্রবার প্রাকৃতিক গ্যাসের দাম কিছুটা কমেছে। এর পেছনে বায়ু বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও স্থিতিশীল সরবরাহ পরিস্থিতি ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডাটা ইন্টেলিজেন্স ফার্ম আইসিআইএসের সিনিয়র বিশ্লেষক অ্যালেক্স ফ্রোলি বলেন, ‘টিটিএফে (নেদারল্যান্ডসের একটি ভার্চুয়াল গ্যাস ট্রেডিং হাব) প্রাকৃতিক গ্যাসের দাম পুরো সপ্তাহে তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। তবে শীতকাল পুরোপুরি শুরু হলে সামগ্রিক চাহিদার প্রকৃত তথ্য পাওয়া যাবে।’

রাবোব্যাংকের এনার্জি স্ট্র্যাটেজিস্ট ফ্লোরেন্স শ্মিত জানান, ইউরোপীয় ইউনিয়নের গ্যাস সংরক্ষণ এখনো পাঁচ বছরের গড়ের তুলনায় কম। ইউক্রেনে সামনের দিনগুলোয় জ্বালানি পণ্যটির চাহিদা বাড়তে পারে।

এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস জানিয়েছে, নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) আদর্শে উত্তর-পশ্চিম ইউরোপে ডিসেম্বরে সরবরাহের জন্য গত বৃহস্পতিবার প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য ছিল ১০ ডলার ৫৮ সেন্ট। এটি টিটিএফের ভবিষ্যৎ সরবরাহ চুক্তির তুলনায় ৫৩ সেন্ট কম।

আর্গাস এ দাম নির্ধারণ করেছে প্রতি এমএমবিটিইউয়ে ১০ ডলার ৫৫ সেন্ট। এ সময় স্পার্ক কমোডিটিস প্রতি এমএমবিটিইউ এলএনজির চুক্তিমূল্য নির্ধারণ করেছে ১০ ডলার ৪৪ সেন্ট।

স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানান, গত সপ্তাহে আটলান্টিক মগাসাগরীয় পথে এলএনজি সরবরাহের পরিবহন ব্যয় ছিল দৈনিক ২৯ হাজার ৫০০ ডলার, যা গত জুনের পর সর্বোচ্চ। এ সময় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরিবহন ব্যয় টানা অষ্টম সপ্তাহের মতো কমে দৈনিক ২৩ হাজার ৫০০ ডলারে নেমেছে।

আরও