টয়োটার নাম, লোগো ও ট্রেডমার্ক ব্যবহারে পূর্বানুমতি বাধ্যতামূলক

দেশের বাজারে ‘টয়োটা’ ব্র্যান্ডের স্বকীয়তা রক্ষা, নকল ও অননুমোদিত ব্যবহার রোধ এবং গ্রাহক বিভ্রান্তি এড়াতে কঠোর অবস্থান নিয়েছে টয়োটা বাংলাদেশ লিমিটেড।

এখন থেকে বিজ্ঞাপন, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা যেকোনো ধরনের প্রচারণায় ব্র্যান্ডটির নাম, লোগো ও ট্রেডমার্ক ব্যবহারের ক্ষেত্রে প্রতিষ্ঠানের পূর্বানুমতি নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি টয়োটা বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

এতে বলা হয়, টয়োটা নাম ও লোগো বিশ্বজুড়ে এবং বাংলাদেশের বাজারে একটি নিবন্ধিত ট্রেডমার্ক। সাম্প্রতিক সময়ে যথাযথ অনুমোদন ছাড়াই বিভিন্ন মাধ্যম ও প্রচারণায় এ ব্র্যান্ড উপকরণের অননুমোদিত ব্যবহার লক্ষ করা যাচ্ছে। ফলে ব্র্যান্ডটির প্রকৃত প্রতিনিধিত্ব ও পরিচিতি নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

টয়োটা বাংলাদেশ স্পষ্ট জানিয়েছে, যেকোনো ধরনের বিজ্ঞাপন, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া কনটেন্ট, প্রিন্টেড সামগ্রী, সাইনেজ কিংবা মার্চেন্ডাইজে টয়োটার ব্র্যান্ড অ্যাসেট ব্যবহারের আগে অবশ্যই প্রতিষ্ঠানের নির্ধারিত অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ব্র্যান্ডটির সুনাম, গুণগত মান ও যথাযথ উপস্থাপন বজায় রাখতে গ্রাহক, ব্যবসায়ী অংশীদার এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তি আরো বলা হয়, টয়োটা ব্র্যান্ড ব্যবহারের অনুমতি বা এ-সংক্রান্ত যেকোনো আইনি ও বিস্তারিত তথ্যের জন্য টয়োটা বাংলাদেশের লিগ্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিভাগের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো যচ্ছে।

টয়োটা বাংলাদেশ লিমিটেড বর্তমানে বাংলাদেশে টয়োটা গাড়ির একমাত্র অফিশিয়াল ডিস্ট্রিবিউটর বা পরিবেশক হিসেবে কাজ করছে। পূর্বে নাভানা লিমিটেডের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্ব শেষ হওয়ার পর কোম্পানিটি সম্পূর্ণ নতুন ব্যবসায়িক কাঠামো নিয়ে বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি জেনুইন টয়োটা গাড়ি বিক্রির পাশাপাশি বিশ্বমানের আফটার-সেলস সার্ভিস নিশ্চিত করে থাকে।

আরও