সমুদ্রপথে রাশিয়ার শস্য রফতানি কমেছে

রাশিয়া থেকে গত মাসে সমুদ্রপথে শস্য রফতানি কমেছে। শিল্পসংশ্লিষ্ট সূত্রের সরবরাহ করা শিপিং ডাটা থেকে এ তথ্য পাওয়া গেছে।

রাশিয়া থেকে গত মাসে সমুদ্রপথে শস্য রফতানি কমেছে। শিল্পসংশ্লিষ্ট সূত্রের সরবরাহ করা শিপিং ডাটা থেকে এ তথ্য পাওয়া গেছে। খবর বিজনেস রেকর্ডার।

শিপিং ডাটা অনুযায়ী, গত মাসে রাশিয়া থেকে সমুদ্রপথে শস্য রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫৮ শতাংশ কমেছে। এ সময় মোট রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ২৩ লাখ টনে।

বিশ্বের শীর্ষ গম রফতানিকারক দেশ রাশিয়া। দেশটি ২০২৪-২৫ বিপণন মৌসুমের শুরুর দিকে বৈশ্বিক বাজারে রেকর্ড শস্য রফতানি করেছিল। তবে ফেব্রুয়ারিতে রফতানি কোটা বেঁধে দিলে তা নিম্নমুখী হতে শুরু করে। চলতি মৌসুমের এখন পর্যন্ত সমুদ্রপথে মোট রফতানি চার কোটি টনের বেশি ছাড়িয়েছে, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ কম।

দেশটির কৃষি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, খারাপ আবহাওয়ার কারণে উৎপাদন কমে যাওয়ায় ২০২৪-২৫ মৌসুমে রাশিয়া থেকে শস্য রফতানি আগের মৌসুমের তুলনায় এক-পঞ্চমাংশ কমে ৫ কোটি ৫০ লাখ থেকে ৫ কোটি ৭০ লাখ টনে নামতে পারে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোয় রাশিয়া উল্লেখযোগ্য শস্য রফতানি করে। তবে গত মাসে তা ৫৬ দশমিক ১ শতাংশ কমে প্রায় ২২ লাখ টনে দাঁড়িয়েছে।

ডাটা অনুযায়ী, কাস্পিয়ান সাগরপথে রফতানি প্রায় বন্ধ হয়ে গেছে। মার্চে এ পথ ব্যবহার করে রাশিয়া শস্য রফতানি করেছে মাত্র ১২ লাখ টন, যা গত বছরের তুলনায় ৯৯ দশমিক ৮ শতাংশ কম। তবে এ সময় বাল্টিক সাগরপথে রফতানি প্রায় ১ শতাংশ বেড়েছে।

গত মৌসুমে রাশিয়ার মোট শস্য রফতানির প্রায় ৯০ শতাংশ হয়েছিল সমুদ্রপথে। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, গত বছর রাশিয়া সমুদ্রপথে প্রায় ৬ কোটি ২০ লাখ টন শস্য রফতানি করেছিল।

আরও