ইইউএসডিএর পূর্বাভাস

নতুন রেকর্ডের পথে যুক্তরাষ্ট্রের ভুট্টা রফতানি

যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা রফতানি আগামী বিপণন বর্ষে আবারো রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে।

যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা রফতানি আগামী বিপণন বর্ষে আবারো রেকর্ড সর্বোচ্চে পৌঁছতে পারে। পশুখাদ্য ও জ্বালানি খাতে চাহিদা বৃদ্ধি দেশটির রফতানি বাড়ার পেছনে ভূমিকা রাখবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নিক্কেই এশিয়া।

যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইইউএসডিএ) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ (সেপ্টেম্বর-আগস্ট) বিপণন বর্ষে আন্তর্জাতিক বাজারে মার্কিন ভুট্টা রফতানি ২৯৭ কোটি বুশেলে (প্রতি বুশেলে ৬০ পাউন্ড) ছাড়িয়ে যেতে পারে। এটি আগস্টে দেয়া পূর্বাভাসের তুলনায় ১০ কোটি বুশেল বেশি। এর আগের বিপণন বর্ষে যুক্তরাষ্ট্র মোট ২৮৩ কোটি বুশেল ভুট্টা রফতানি করেছিল।

গত ১৮ সেপ্টেম্বর পর্যন্ত দুই কোটি টনের বেশি রফতানি চুক্তি সম্পন্ন হয়েছে। এর মধ্যে মেক্সিকো, কলম্বিয়া ও অন্যান্য পশ্চিম গোলার্ধের দেশগুলোর অংশ প্রায় অর্ধেক। জাপান, দক্ষিণ কোরিয়া ও অন্যান্য এশীয় বাজারগুলোয় মার্কিন ভুট্টার হিস্যা থাকবে প্রায় ২০ শতাংশ।

টোকিওভিত্তিক মার্কেট রিস্ক অ্যাডভাইজরির জেনিচিরো হিগাকি বলেন, ‘দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে পশুখাদ্যের প্রধান উপকরণ গম থেকে ভুট্টায় স্থানান্তর হচ্ছে। কারণ খাদ্যশস্যটির মূল্য ও মান দুটোই ভালো। এছাড়া জ্বালানি খাতেও ভুট্টার চাহিদা বাড়ছে।’

যুক্তরাষ্ট্রে আবাদযোগ্য অঞ্চল বাড়ায় উৎপাদন বেড়েছে। এছাড়া এ খাতে যুক্তরাষ্ট্র-চীন শুল্কযুদ্ধের প্রভাবও সীমিত। কারণ যুক্তরাষ্ট্রের মোট রফতানিতে চীনের হিস্যা কম।

এদিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম উৎপাদনকারী দেশ ব্রাজিল থেকে ভুট্টা রফতানি কিছুটা কমতে পারে। ব্রাজিলে বর্তমান বিপণন বর্ষের উৎপাদন প্রায় ১৩ কোটি ১০ লাখ টন। দেশটিতে অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি রফতানি কমার পেছনে ভূমিকা রাখবে। বিশেষ করে আগস্ট থেকে পেট্রোলিয়াম উৎপাদনে ইথানলের ৩০ শতাংশ মিশ্রণের বাধ্যতামূলক বৃদ্ধি উৎপাদনের বৃহত্তর অংশ দেশী বাজারে ধরে রাখছে।

আরও