নতুন মৌসুমের সরবরাহ

এশিয়ার দেশগুলোয় আরো কমেছে চালের দাম

এশিয়ার বাজারে চালের নতুন সরবরাহ এসেছে। এছাড়া খাদ্যশস্যটির আমদানির পরিমাণ এখনো নিম্নমুখী।

এশিয়ার বাজারে চালের নতুন সরবরাহ এসেছে। এছাড়া খাদ্যশস্যটির আমদানির পরিমাণ এখনো নিম্নমুখী। এসব কারণে ভারত ও ভিয়েতনামে আরো কমেছে রফতানীকৃত চালের দাম। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিজনেস রেকর্ডার।

ভারতে ৫ শতাংশ খুদযুক্ত সেদ্ধ চালের দাম চলতি সপ্তাহে ছিল টনপ্রতি ৪১৬-৪২৫ ডলার। গত সপ্তাহে দেশটিতে প্রতি টন চাল ৪১৮-৪২৮ ডলারে বেচাকেনা হয়েছে। এছাড়া এ সময় দেশটিতে ৫ শতাংশ খুদযুক্ত সাদা চালের দাম ছিল ৩৯৫-৪০৫ ডলার।

কলকাতাভিত্তিক এক রফতানিকারক বলেন, ‘চালের দাম ক্রমাগত হ্রাস পাচ্ছে। দাম স্থির হওয়ার অপেক্ষায় আমদানি কমিয়েছেন আফ্রিকার ব্যবসায়ীরা।’

ভিয়েতনামের ৫ শতাংশ খুদযুক্ত চাল গত বৃহস্পতিবার টনপ্রতি ৩৯৭ ডলারে বেচাকেনা হয়েছে, এক সপ্তাহ আগে যা ছিল টনে ৪০৪ ডলার। ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যানুযায়ী, এটি ২০২২ সালের সেপ্টেম্বরের পর থেকে সর্বনিম্ন দাম। ব্যবসায়ীরা বলছেন, ক্রেতারা চাল আমদানির নতুন চুক্তি স্বাক্ষর করতে তাড়াহুড়ো করছেন না। তারা আরো সরবরাহের অপেক্ষায় আছেন। তাই দাম কমেছে।

এদিকে থাইল্যান্ডের ৫ শতাংশ খুদযুক্ত চাল চলতি সপ্তাহে টনপ্রতি ৪১৫-৪২০ ডলারে স্থিতিশীল ছিল। ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী বলেন, ‘চালের চাহিদা অনেক কমেছে। এছাড়া ভারত ও ভিয়েতনামে উৎপাদন বেশি হওয়ায় দাম কমছে।’

অন্য একজন ব্যবসায়ী বলেন, ‘নিয়মিত গ্রাহকরা কেনাকাটা স্থগিত করছেন। শুধু প্রয়োজন অনুযায়ী চাল আমদানি করছেন তারা।’

আরও