অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে বিশ্বখ্যাত খাদ্যপণ্য প্রতিষ্ঠান নেসলে। কোম্পানিটির প্রধান নির্বাহী (সিইও) ও কিটক্যাট নির্মাতা লরেন্ট ফ্রেইক্সকে বরখাস্ত করা হয়েছে সম্প্রতি। অন্যদিকে ইউরোজোনের আগস্টের মূল্যস্ফীতিসংক্রান্ত তথ্যও প্রকাশ হবে শিগগিরই। সব মিলিয়ে বড় পরীক্ষার মুখে রয়েছেন নেসলের বিনিয়োগকারীরা।
রয়টার্সের জরিপ অনুযায়ী, গত মাসে ইউরোজোনের মূল্যস্ফীতি ২ শতাংশে স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনের তথ্যেও দেখা গেছে, ভোক্তা মূল্যস্ফীতি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের লক্ষ্যমাত্রার কাছাকাছি রয়েছে। জুলাইয়ে ইসিবি সুদহার অপরিবর্তিত রেখেছিল। বাজার বিশ্লেষকদের মতে, এ মাসেও একই সিদ্ধান্ত আসবে। শরতে সুদ কমানো নিয়ে আলোচনা হতে পারে।
নেসলের অভ্যন্তরীণ সংকট বিনিয়োগকারীদের উদ্বিগ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে। সহকর্মীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গোপন রাখার কারণে লরেন্ট ফ্রেইক্স চলতি সপ্তাহে বরখাস্ত হয়েছেন। সিইও হিসেবে ফ্রেইক্স দায়িত্ব নেয়ার এক বছরের মাথায় কোম্পানি এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে হঠাৎ করেই পদত্যাগ করেন সাবেক সিইও মার্ক শনাইডার। অন্যদিকে নেসলের চেয়ারম্যান পল বুক ২০২৬ সালে অবসর গ্রহণের ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে নেসলে এখন ইতিহাসের সবচেয়ে অস্থির নেতৃত্ব সংকটের মুখোমুখি।
গত এক বছরে নেসলের শেয়ারমূল্য কমেছে ১৭ শতাংশেরও বেশি। বিপরীতে প্যান-ইউরোপীয় সূচক এসটক্স ৬০০ বেড়েছে ৫ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, কোম্পানির এ সংকট ইউরোপীয় শেয়ারবাজারে আরো চাপ সৃষ্টি করতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রে আগামী শুক্রবার চাকরির তথ্য প্রকাশ হবে। এ তথ্য ফেডারেল রিজার্ভের (ফেড) নীতি নির্ধারণে প্রভাব ফেলবে। বিনিয়োগকারীরা ধারণা করছেন, সেপ্টেম্বরে ফেড সুদহার ২৫ বেসিস পয়েন্ট কমাতে পারে।
তবে একে ঘিরে রাজনৈতিক চাপও বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ফেডের সমালোচনা করছেন এবং গভর্নর লিসা কুককে অপসারণের চেষ্টা করছেন। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ফেডের স্বাধীন থাকা উচিত, তবে সাম্প্রতিক সময়ে তারা ‘অনেক ভুল’ করেছে।