সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে তুলা আমদানি কমে গেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাইয়ে গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ের তুলনায় পণ্যটির আমদানি কমেছে প্রায় ৪৮ শতাংশ।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে এ বন্দর দিয়ে কাঁচা তুলা আমদানি হয়েছে ২৫ দশমিক ৯৪৯ টন, যার আমদানি মূল্য ১ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার ৫৯৪ টাকা। এর আগের অর্থবছরের জুলাইয়ে এ বন্দর দিয়ে আমদানি হয়েছিল ৪৯ দশমিক ৫৩৭ টন, যার আমদানি মূল্য ছিল ২ কোটি ৯১ লাখ ৬০ হাজার ২১৭ টাকা। এ অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে পণ্যটির আমদানি কমেছে ২৩ দশমিক ৫৮৮ টন। পরিমাণের দিক থেকে স্থলবন্দরটি দিয়ে তুলা আমদানি কমেছে প্রায় ৪৮ শতাংশ আর অর্থমূল্যের দিক থেকে এ হার ৪৬ শতাংশের বেশি।
ভোমরা স্থলবন্দরের অন্যতম তুলা আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান বণিক বার্তাকে বলেন, ‘বছরের বারো মাসই এ বন্দর দিয়ে কাঁচা তুলা আমদানি করে আমরা দেশের বিভিন্ন সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান বা টেক্সটাইলস মিলে সরবরাহ করে এসেছি। তবে সাম্প্রতিক সময়ে আমাদের প্রতিষ্ঠানের তুলা আমদানি কমে গেছে।’
স্থলবন্দরটি দিয়ে বাংলাদেশে তুলা আমদানি কমে যাওয়ার বিষয়টি বণিক বার্তাকে নিশ্চিত করেছেন ভোমরা শুল্ক স্টেশনের কাস্টমসের সহকারী কমিশনার মো. শওকত হোসেন।
সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কয়েক বছর আগেও জেলার বিভিন্ন অঞ্চলে তুলা চাষ হলেও এখন প্রায় বন্ধ হয়ে গেছে। অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম জানান, ‘জেলায় এখন তুলা চাষ আর হয় না বললেও চলে। বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় হলেও তার কোনো তথ্য আমাদের কাছে নেই।’