বিআরটিসির নিজস্ব ব্যবস্থাপনায় বাস তৈরির সক্ষমতা গর্বের: শেখ মইনউদ্দিন

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় নির্মিত দুটি আধুনিক এসি বাসের উদ্বোধন হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে গাজীপুরের সমন্বিত কেন্দ্রীয় মেরামত কারখানায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিআরটিসির নিজস্ব কারখানায় আধুনিক এসি বাস নির্মাণ কেবল দুটি বাস সংযোজন নয়, এটি একটি সক্ষমতার প্রমাণ—যা আমাদের জন্য গর্ব ও অহংকারের।

সড়ক ব্যবস্থাপনায় বিদ্যমান শৃঙ্খলাহীনতা কাটিয়ে উঠতে সক্ষমতা বৃদ্ধি জরুরি উল্লেখ করে তিনি বলেন, বিআরটিসিকে এ ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে। ভবিষ্যতে যেন দেশের পাশাপাশি বাইরের গাড়িও এখানে সংযোজন করা যায়, সে সক্ষমতা অর্জনের ওপর জোর দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, মেধা ও দক্ষতার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সংস্থাটিকে আরো সম্প্রসারণ ও আধুনিক করার সুযোগ রয়েছে।

সভাপতির বক্তব্যে বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, নিজস্ব প্রশিক্ষণ, কারিগরি অবকাঠামো ও ওয়ার্কশপের মাধ্যমে একটি সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হয়েছে, যার বাস্তব উদাহরণ আজকের এ বাস নির্মাণ কার্যক্রম।

চলতি বছরের মধ্যেই কোরিয়া থেকে ৩৪০টি আধুনিক বাস আমদানির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। ভবিষ্যতে এ প্রক্রিয়ায় নতুন ট্রাক ও কোস্টার বাস যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিআরটিসির পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

আরও