কারণ ছাড়াই বাড়ছে দুই কোম্পানির শেয়ারদর

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড করপোরেশন লিমিটেড ও সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে।

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত রহিমা ফুড করপোরেশন লিমিটেড ও সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক হারে বাড়ছে। এ দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানি দুটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

রহিমা ফুড: গত ১৬ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিল ১১১ টাকা ৬০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৬০ টাকায়। এ সময়ের ব্যবধানে রহিমা ফুডের শেয়ারদর বেড়েছে ৪৩ দশমিক ৩৭ শতাংশ।

চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) রহিমা ফুডের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৩ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৪ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯ টাকা ১৯ পয়সায়।

সাফকো স্পিনিং: গত ১৪ জুলাই কোম্পানিটির শেয়ারদর ছিল ১১ টাকা ৪০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ১৪ টাকা ৫০ পয়সায়। এ সময়ের ব্যবধানে সাফকো স্পিনিংয়ের শেয়ারদর বেড়েছে ২৭ দশমিক ১৯ শতাংশ।

চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সাফকো স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১১ টাকা ৩৮ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৪৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৯২ পয়সা।

৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৩ টাকা ৭৫ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি সাফকো স্পিনিং মিলস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৯৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৫২ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৯৯ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সাফকো স্পিনিংয়ের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৫২ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় ছিল ৩৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৯৪ পয়সায়।

আরও