রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে অনন্য উচ্চয়তায় পৌঁছেছে বাংলাদেশ। চলতি মার্চের ২৬ দিনেই প্রবাসী বাংলাদেশীরা প্রায় ৩ বিলিয়ন ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। ইতোপূর্বে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড ছিল ২৬৩ কোটি ডলার। বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়। চলতি মাসে এখন পর্যন্ত যে পরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে বাংলাদেশী মুদ্রায় তা প্রায় ৩৬ হাজার কোটি টাকার সমান।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. আরিফ হোসেন খান জানান, ‘চলতি মার্চের ২৫ ও ২৬ তারিখে মাত্র দুই দিনে ১৯ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আর ১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রেমিট্যান্স এসেছে ২৯৪ কোটি ৫০ লাখ বা ২ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। এর আগে ২০২৪ সালের মার্চের প্রথম ২৬ দিনে ১৬১ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে চলতি মাসে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ৮২ দশমিক ৪ শতাংশ।’