সয়াবিন তেলের রফতানি শুল্ক মওকুফ আর্জেন্টিনার

মালয়েশীয় পাম অয়েলের দাম কমেছে ৩ শতাংশ

আর্জেন্টিনা সাময়িকভাবে সয়াবিন তেলের রফতানি শুল্ক মওকুফ করেছে।

আর্জেন্টিনা সাময়িকভাবে সয়াবিন তেলের রফতানি শুল্ক মওকুফ করেছে। এ খবরে আন্তর্জাতিক বাজারে দাম কমতে শুরু করেছে সয়াবিন তেলের। এর ধারাবাহিকতায় বিকল্প পণ্য পাম অয়েলেরও দাম এখন কমছে। ফিউচার মার্কেটে গতকাল মালয়েশীয় পাম অয়েলের দরপতন হয়েছে ৩ শতাংশের বেশি।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভ এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে গতকাল পাম অয়েলের দাম ১৬২ রিঙ্গিত বা ৩ দশমিক ৬৫ শতাংশ কমেছে। প্রতি টনের দাম নেমেছে ৪ হাজার ২৮১ রিঙ্গিতে (১ হাজার ২০ ডলার ২৬ সেন্ট)।

সেলাংগরভিত্তিক ব্রোকারেজ প্রতিষ্ঠান পেলিন্ডুং বেস্টারির পরিচালক পারমালিঙ্গম সুপ্রামানিয়াম বলেছেন, ‘আর্জেন্টিনার শুল্ক মওকুফের খবরে শিকাগো বোর্ড অব ট্রেড (সিবিওটি) ও ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (ডিসিই) সয়াবিন তেলের দাম কমেছে। এর প্রভাব পাম অয়েলের বাজারেও ছড়িয়ে পড়েছে।’

মুম্বাইভিত্তিক এক ব্যবসায়ী বলেছেন, শুল্কমুক্ত রফতানির কারণে আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল আমদানি এখন আফ্রিকা ও ভারতের ক্রেতাদের জন্যও পাম অয়েলের তুলনায় সস্তা হয়ে গেছে।

গতকাল ডিসিইতে সয়াবিন তেলের দাম কমেছে ৩ দশমিক ৭৬ শতাংশ। এ সময় পাম অয়েলের দাম ৩ দশমিক ৮৮ শতাংশ কমেছে। একই সঙ্গে সিবিওটিতে সয়াবিন তেলের দরপতন হয়েছে ১ দশমিক ৫৯ শতাংশ।

আরও