৬৩ কোটি ডলারে সদর দপ্তর বিক্রি করল নিশান

আর্থিক সংকটের কারণে ইয়োকোহামার সদর দপ্তর ভবন ৯ হাজার ৭০০ কোটি ইয়েন বা ৬৩ কোটি ডলারে বিক্রি করছে নিশান মোটর কোম্পানি।

আর্থিক সংকটের কারণে ইয়োকোহামার সদর দপ্তর ভবন ৯ হাজার ৭০০ কোটি ইয়েন বা ৬৩ কোটি ডলারে বিক্রি করছে নিশান মোটর কোম্পানি। পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে জাপানি এ গাড়ি নির্মাতা। খবর এপি।

ভবনটি কিনে নিয়েছে টোকিওভিত্তিক রিয়েল এস্টেট অপারেটর এমজেআই গোদো কাইশা। বিক্রি করলেও এটি ভাড়া নিয়ে আগের মতো ব্যবহার করছে নিশান।

কোম্পানিটি বলছে, বিক্রি বাবদ তারা ৪৮ কোটি ডলার লাভ করেছে। এখন সদর দপ্তরের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আধুনিকীকরণের জন্য এ তহবিল ব্যবহার হবে। এর মাধ্যমে এআই-চালিত সিস্টেম ও বিভিন্ন প্রকল্পে ডিজিটাল আধুনিকীকরণের পদক্ষেপ গতি পাবে।

এমজেআই গোদো মিন্থ গ্রুপের মালিকানাধীন বিশেষ একটি ট্রাস্ট। বৃহৎ অটোপার্টস নির্মাতা মিন্থ হংকংয়ের শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান। তবে লিজ বাবদ নিশান তাদের কী পরিমাণ অর্থ দিচ্ছে তা প্রকাশ হয়নি।

গত মার্চ পর্যন্ত শেষ হওয়া অর্থবছরে নিশানের ক্ষতির পরিমাণ ছিল ৪৪০ কোটি ডলার। চলতি বছরের শুরুতে প্রধান নির্বাহী হিসেবে নিশানের দায়িত্ব নিয়েছেন ইভান এস্পিনোসা, তিনি দুই দশক ধরে কোম্পানিটিতে বিভিন্ন পদে কাজ করেছেন। এখন তার নেতৃত্বে চলছে পুনর্গঠন প্রক্রিয়া।

সদর দপ্তর বিক্রি প্রসঙ্গে নিশান বলেছে, প্রয়োজনীয় নয় এমন সম্পদ বিক্রি করে অর্থ সংগ্রহ করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এর মাধ্যমে পুঁজির আরো কার্যকর ব্যবহার ও কঠিন সময়েও কোম্পানিতে পরিবর্তন ও উন্নতি সম্ভব হবে।

আরো বলা হচ্ছে, উদ্ভাবনে মনোনিবেশ, প্রতিযোগিতায় টিকে থাকা এবং ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য গবেষণা গতিশীল করার ওপর জোর দেয় নিশান। সদর দপ্তর বিক্রির পদক্ষেপ কোম্পানির এ কৌশলকে প্রতিফলিত করে ।

বৈশ্বিক কর্মীর ১৫ শতাংশ বা প্রায় ২০ হাজার কমিয়ে আনারও ঘোষণা দিয়েছে নিশান। এছাড়া বন্ধ করে দিচ্ছে কানাগাওয়া প্রিফেকচারের ওপামা শহরের কারখানা।

আরও