ভোমরা স্থলবন্দর দিয়ে আমদানি বাড়লেও সাতক্ষীরায় কমছে না চালের দাম

ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি বাড়লেও সাতক্ষীরার পাইকারি ও খুচরা বাজারে কমছে না চালের দাম।

ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি বাড়লেও সাতক্ষীরার পাইকারি ও খুচরা বাজারে কমছে না চালের দাম। স্থানীয় চাল ব্যবসায়ীরা জানিয়েছেন, এ স্থলবন্দর দিয়ে যে চাল আমদানি হচ্ছে তার প্রায় পুরোটাই উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। এ কারণে আমদানি বৃদ্ধির প্রভাব সাতক্ষীরার চাল বাজারে পড়ছে না।

গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের কয়েকটি খুচরা চাল বিক্রয় প্রতিষ্ঠানে দেখা গেছে, প্রতি কেজি মিনিকেট চাল ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। এ সময় ২৮ জাতের চিকন ও মোটা চাল বিক্রি হয়েছে যথাক্রমে কেজিপ্রতি ৬২-৬৩ ও ৪৯-৫০ টাকায়। এছাড়া গতকাল বাসমতী ও আতপ চালের দাম ছিল যথাক্রমে কেজিপ্রতি ৮৫ ও ৫৪-৫৫ টাকা। তিন মাস ধরে সাতক্ষীরায় একই দামে চাল বিক্রি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের আগস্ট ও সেপ্টেম্বরে ভোমরা স্থলবন্দর দিয়ে মোট ১ লাখ ৩৩ হাজার ৯২৩ টন চাল আমদানি হয়েছে। যার মূল্য ছিল ৭৪৫ কোটি ৫৭ লাখ টাকা।

চাল ব্যবসায়ী আইয়ূব হোসেন জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে যে চাল আমদানি হচ্ছে তা স্থানীয় বাজারে সরবরাহ করা হয় না। এসব চাল উত্তরবঙ্গের বিভিন্ন জেলাসহ রাজধানী ও চট্টগ্রাম অঞ্চলে সরবরাহ করা হয়। এ কারণে দাম কমছে না।

এ বিষয়ে সাতক্ষীরা জেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বণিক বার্তাকে বলেন, ‘সাতক্ষীরার চালের বাজার নিয়ন্ত্রণে নেই। ধারণা করা হয়েছিল ভোমরা স্থলবন্দর দিয়ে চাল আমদানি হলে সাতক্ষীরার বাজারে কিছুটা তার প্রভাব পড়বে। কিন্তু দুই থেকে আড়াই মাস ধরে অঞ্চলটিতে চালের দাম একই রয়ে গেছে। বিষয়টি জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা হবে।’

আরও