বাংলাদেশ ব্যাংকের গভর্নর

বর্তমান সরকারের সাফল্য বা ব্যর্থতার কিছুটা দায় অর্থনীতিবিদদেরও নিতে হবে

তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত এক্সট্রা কারিকুলামে আরো জোর দেয়া। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি উন্নত করতে চাই, তাহলে এইসব অলিম্পিয়াডের মতো ছোট ছোট কার্যক্রমের মাধ্যমেই এগিয়ে যেতে হবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, বর্তমান সরকারের সাফল্য বা ব্যর্থতার কিছুটা দায় অর্থনীতিবিদদের নিতে হবে, আমরা চাই অথবা না চাই। কারণ অনেক অর্থনীতিবিদ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় একটি হোটেলে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আহসান এইচ মনসুর বলেন, বাঁচতে হলে সবাইকে কিছু না কিছু বুঝতে হবে। অর্থনীতিও এমন একটা বিষয় যা জানা জরুরি। আমরা প্রতিদিন অর্থনীতি চর্চা করি।

তিনি বলেন, দুজন ভারতীয় বাঙালি অর্থনীতিতে নোবেল পুরষ্কার পেয়েছেন। ড. মুহাম্মদ ইউনূস অর্থনীতিতে নোবেল না পেলেও অর্থনীতিতে অবদান রাখার জন্য তাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে। এ বিষয়টি অস্বীকার করার কোনো উপায় নেই। তাই বলা যায়, সেদিক থেকে আমাদের গর্ব করার মতো অর্জন আছে। তবে পশ্চিমবঙ্গের অনেক অর্থনীতির প্রফেসর আন্তর্জাতিক অঙ্গনে ভালো সুনাম অর্জন করেছে, আমাদের এখানে কিছুটা খামতি রয়ে গেছে। আমাদের আগামী প্রজন্মকে এখন সেদিকে নজর দিতে হবে।

তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত এক্সট্রা কারিকুলামে আরো জোর দেয়া। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি উন্নত করতে চাই, তাহলে এইসব অলিম্পিয়াডের মতো ছোট ছোট কার্যক্রমের মাধ্যমেই এগিয়ে যেতে হবে।

গভর্নর আরো বলেন, শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেয়ার ক্ষেত্রে এই অলিম্পিয়াড বড় ভূমিকা পালন করছে। আমরা যদি বিভিন্ন বিষয়ের অলিম্পিয়াডকে সারা দেশে আরো বেশি ছড়িয়ে দিতে পারি, তাহলে সবাই উপকৃত হবে। আমাদের ছাত্রছাত্রীদের অনেক মেধা আছে, তবে আমরা এই মেধাগুলোকে ঠিকমতো কাজে লাগাতে পারি না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ড. সায়মা ফেরদৌস ও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

এই অনুষ্ঠানে দেশের প্রায় সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ও মতামত ব্যক্ত করেন।

২০১৯ সাল থেকে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছে। ইন্টারন্যাশনাল ইকোনমিক্স অলিম্পিয়াড এবং ওয়ার্ল্ড ইকোনমিক্স কাপের মতো প্রতিযোগিতায় বাংলাদেশী শিক্ষার্থীরা অংশ নিয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। এরইমধ্যে তারা স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জয় করেছে, যা বাংলাদেশের অর্থনীতির শিক্ষাক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের প্রমাণ।

আরও