এশিয়ার প্রধান চাল রফতানিকারক দেশগুলোর বাজারে চলতি সপ্তাহে মিশ্র প্রবণতা দেখা গেছে। এ সময় ভারত ও ভিয়েতনামে খাদ্যশস্যটির দর স্থিতিশীল ছিল। অন্যদিকে চাহিদা হ্রাসের প্রভাবে থাইল্যান্ডে চালের দাম নেমে এসেছে পাঁচ সপ্তাহের সর্বনিম্নে। খবর বিজনেস রেকর্ডার।
ভারতে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম গত সপ্তাহে টনপ্রতি ৩৫৫-৩৬০ ডলারে স্থিতিশীল ছিল। এ সময় দেশটিতে একই মানের আতপ চাল বিক্রি হয়েছে টনপ্রতি ৩৫০-৩৫৫ ডলারে। তবে খাতসংশ্লিষ্টরা জানিয়েছেন, ভারতে চালের দাম তিন মাসের সর্বোচ্চ স্তরের কাছাকাছি থাকলেও খাদ্যশস্যটির চাহিদা এখনো নিম্নমুখী।
কলকাতাভিত্তিক এক রফতানিকারক বলেন, ‘বর্তমান দামে ক্রেতারা নতুন অর্ডার দিচ্ছেন না। দাম কমার অপেক্ষায় আছেন তারা। তবে রুপির বিনিময় হার বৃদ্ধির কারণে বিক্রেতাদের পক্ষে দর কমানো সম্ভব হচ্ছে না।’
ভিয়েতনামেও গত সপ্তাহে একই প্রবণতা দেখা গেছে। গত সপ্তাহে দেশটিতে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম টনপ্রতি ৩৬০-৩৬৫ ডলারে স্থিতিশীল ছিল। হো চি মিন সিটির এক ব্যবসায়ী বলেন, ‘বিশ্ববাজারে চাহিদা কম থাকায় ব্যবসায়ীরা বেচাকেনা কমিয়েছেন। এমনকি চলতি বছরের বাকি সময়জুড়েও চালের চাহিদা নিম্নমুখীই থাকবে।’
তিনি আরো জানান, ফিলিপাইন ও ইন্দোনেশিয়া চাল আমদানি সীমিত করতে পারে। অন্যদিকে ভারত সরবরাহ বাড়ানোর পথে রয়েছে। এছাড়া চালের দাম কম থাকলে চীন ও আফ্রিকার দেশগুলো ক্রয় বাড়ায়।
ভিয়েতনামের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে দেশটির চাল রফতানি ১১ দশমিক ৩ শতাংশ কমে ৮০ লাখ টনে নেমেছে। একই সময় চাল রফতানি থেকে আয় কমেছে ২৭ দশমিক ৬ শতাংশ।
অন্যদিকে থাইল্যান্ডে গত সপ্তাহে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম নেমে এসেছে টনপ্রতি ৩৮৫ ডলারে, যা পাঁচ সপ্তাহের সর্বনিম্ন এবং আগের সপ্তাহের ৪১০ ডলারের তুলনায় উল্লেখযোগ্য কম।