জলবায়ু পরিবর্তনের প্রভাব

ভারতে বছরে নষ্ট ১৩০০ কোটি ডলারের খাদ্য

প্রতিবেদন অনুযায়ী, ভারতে উৎপাদিত তাজা কৃষিপণ্যের ৪ শতাংশ কোল্ড চেইন সুবিধার আওতায় রয়েছে।

জলবায়ু পরিবর্তন ও সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতায় ভারতে প্রতি বছর নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ খাদ্য। শুধু হিমাগার ও শীতল সরবরাহ ব্যবস্থার (কোল্ড চেইন) অভাবে বছরে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলারের খাদ্যপণ্য অপচয় হয় দেশটিতে। উৎপাদন থেকে ভোক্তার হাতে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায় ৪০ শতাংশ পর্যন্ত ফল ও সবজি। এতে একদিকে খাদ্যের অপচয় বাড়ছে, অন্যদিকে বাজারে সরবরাহ কমে চাপ তৈরি হচ্ছে খাদ্য মূল্যস্ফীতির ওপরও। খবর বিজনেস টুডে।

জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট ট্রেন্ডসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ফ্রম রিস্ক টু রেজিলিয়েন্স: ক্লাইমেট চেঞ্জ, ইকোলজি অ্যান্ড দ্য ফিউচার অব ইন্ডিয়ান এগ্রিকালচার শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ হয় চলতি মাসে। এতে বলা আছে, তীব্র তাপপ্রবাহ, অনিয়মিত বৃষ্টিপাত ও পর্যাপ্ত সংরক্ষণ ব্যবস্থার অভাবে ভারতের কৃষি ও খাদ্য সরবরাহ ব্যবস্থা ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।

প্রতিবেদন অনুযায়ী, ভারতে উৎপাদিত তাজা কৃষিপণ্যের ৪ শতাংশ কোল্ড চেইন সুবিধার আওতায় রয়েছে। ফলে পরিবহন ও সংরক্ষণের সময় ফল, সবজি ও অন্যান্য পচনশীল পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি বেশি। পাশাপাশি ভোক্তার কাছে পৌঁছানোর আগেই ৪০ শতাংশ পর্যন্ত ফল ও সবজি নষ্ট হয়। একইভাবে নষ্ট হয় ৫-৬ শতাংশ খাদ্যশস্য।

ক্লাইমেট ট্রেন্ডসের গবেষণাপ্রধান ড. পলক বালিয়ান বলেন, ‘ভারতের খাদ্য অপচয়কে শুধু কৃষি উৎপাদনের সমস্যা হিসেবে দেখলে চলবে না। এটি পুরো সরবরাহ ব্যবস্থার ব্যর্থতা। উৎপাদনের পর বাজারে পৌঁছানোর আগেই বিপুল পরিমাণ ফল ও সবজি নষ্ট হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র তাপপ্রবাহ ও অনিয়মিত বৃষ্টিপাত পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।’

এদিকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বৃষ্টিপাতের ঘাটতি ও অসম বণ্টনের কারণে নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের সরবরাহ কমেছে। আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম বাড়ায় আমদানি করা ভোজ্যতেলের ব্যয়ও বেড়েছে। চলতি বছরের শুরু থেকে ভারতে পেঁয়াজের দাম হয়েছে প্রায় দ্বিগুণ। এছাড়া মাংস, দুধ ও ডিমের দামও বেড়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব শুধু কৃষিপণ্য সংরক্ষণেই সীমাবদ্ধ নেই। অতিরিক্ত তাপমাত্রায় ফসল দ্রুত নষ্ট হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষি উৎপাদনও। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের গ্রীষ্মে দিল্লির আজাদপুর বাজারের এক ফল বিক্রেতা একদিনেই ১ লাখ রুপির বেশি ক্ষতির মুখে পড়েন। অতিরিক্ত গরমে স্বাভাবিকের তুলনায় দ্রুত নষ্ট হয়ে যায় তার আমের মজুদ।

আরও