দেশের বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখতে বেসরকারি পর্যায়ে আমদানির অনুমতি দিয়েছে সরকার। এর পরিপ্রেক্ষিতে টানা প্রায় চার মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। ভারতীয় তিনটি ট্রাকে করে মোট ১২৫ টন চালের প্রথম চালানটি গতকাল বিকালে বন্দরে প্রবেশ করে। নওগাঁর মেসার্স মিঠুন চক্রবর্তী নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এ চাল আমদানি করেছে। এর আগে গত বছরের নভেম্বরে চাল আমদানি শুরু হলে তা বন্ধ হয়ে যায় চলতি বছরের ১৫ এপ্রিল।
ব্যবসায়ীরা বলছেন, আমদানির কারণে দেশের বাজারে চালের দাম কমে আসবে। তবে শুল্ক না কমায় খুব বেশি আমদানি হবে না বলেও জানান সংশ্লিষ্টরা।
হিলি স্থলবন্দরের চাল আমদানিকারক ওবায়দুর রহমান বলেন, ‘অনুমতিপ্রাপ্ত আমদানিকারকরা পর্যায়ক্রমে এলসি খুলছেন। তাই কাল (বুধবার) থেকে চাল আমদানি বাড়তে পারে। এর ফলে চালের দাম কেজিপ্রতি ৬-৮ টাকা কমে যেতে পারে।’ ভালো মানের সরু চাল কেজিপ্রতি ৬৭-৭০ টাকার মধ্যে ও স্বর্ণা জাতের চাল ৫০-৫২ টাকার মধ্যে থাকবে বলেও জানান তিনি।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা ইউসুফ আলী জানান, আমদানীকৃত চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত সনদ দেয়া হবে, যাতে ব্যবসায়ীরা তা ছাড়িয়ে নিতে পারেন।