বিশ্বব্যাপী চলছে রাজনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতা। এ কারণে গত সপ্তাহে মিশ্র প্রবণতায় ছিল বৈশ্বিক পণ্যবাজার। ডিসেম্বরের শুরুতে আন্তর্জাতিক বাজারে কফির দাম কমলেও শেষ নাগাদ তা ঊর্ধ্বমুখী হয়। তবে এ সময় নিম্নমুখী ছিল স্বর্ণের বাজারদর। খবর আনাদোলু এজেন্সি।
দক্ষিণ কোরিয়া গত সপ্তাহে সামরিক আইন জারি করে। তবে জারির পরই তা প্রত্যাহার করা হয়। একই সময় উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। এদিকে ফ্রান্সে অনাস্থা ভোটে সরকার পতন ঘটেছে। তবে প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা করেছেন, তিনি পদত্যাগ করবেন না এবং শিগগিরই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের ইতিবাচক প্রতিবেদন ও সুদহার কমানোর প্রত্যাশার কারণে গত সপ্তাহে ডলারের বিনিময় হার বেড়েছে। মার্কিন শ্রমবাজার প্রতিবেদনে দেখা যায়, নভেম্বরে সরকারি চাকরি, কৃষিসহ আরো কয়েকটি নির্দিষ্ট খাত বাদে কর্মসংস্থান ২ লাখ ২৭ হাজার বেড়েছে, যা পূর্বাভাসের তুলনায় বেশি। বিশ্লেষকরা বলছেন, কর্মসংস্থান বাড়ার ফলে ফেডারেল রিজার্ভের (ফেড) সুদহার কমানোর প্রত্যাশা জোরালো হয়েছে।
অপরিশোধিত জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক গ্রুপ ২০২৪ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩ দশমিক ৪ শতাংশে স্থির রেখেছে। অন্যদিকে চীন চলতি বছর ৪ দশমিক ৯ ও আগামী বছর ৪ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) ছয় মাস বিরতির পর গত মাসে স্বর্ণ ক্রয় শুরু করেছে। তাদের রিজার্ভ ৭ কোটি ২৮ লাখ থেকে বেড়ে ৭ কোটি ২৯ লাখ ৬০ হাজার ফাইন ট্রয় আউন্সে পৌঁছেছে।
আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান পূর্বাভাস দিয়েছে, ২০২৫ সালে স্বর্ণের গড় দাম প্রতি আউন্স ২ হাজার ৯৫০ ডলারে পৌঁছতে পারে। ডলারের বিনিময় হার কমে যাওয়া ও মূল্যস্ফীতি উদ্দীপক মুদ্রানীতির কারণে ৩ হাজার ডলারে পৌঁছার সম্ভাবনাও রয়েছে। রৌপ্য ও প্লাটিনামের দামও আগামী বছরগুলোয় বাড়তে পারে।
ভারতীয় রুপির বিনিময় হার কমে যাওয়া ও ক্রেতাদের মূল্যছাড়ে বিক্রির ফলে গত সপ্তাহে স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ কমেছে। বিপরীতে রৌপ্যের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম যথাক্রমে ১ দশমিক ৭ ও ২ দশমিক ২ শতাংশ কমেছে।
কানাডার খনি কোম্পানি ভেইল বেস মেটালস সম্প্রতি ২৯৪ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। এ অর্থ তাদের ভয়সির বে খনি খননে ব্যয় হবে। এর মাধ্যমে প্রতি বছর ৪৫ হাজার নিকেল কনসেনট্রেট উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে কোম্পানিটি। এ খবর প্রকাশের পর নিকেলের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
ভারতে চাহিদা বাড়ায় তামার দাম দশমিক ৪ শতাংশ বেড়েছে। ইন্ডিয়ান কপার অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, ধাতুটির চাহিদা চলতি বছর ১৩ শতাংশ বেড়ে ১ হাজার ৭০০ কিলোটন বা ১৮ লাখ ৭০ হাজার টনে পৌঁছবে।
মার্কিন ট্রেজারি বিভাগ রাশিয়ার গ্যাজপ্রমব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে উজবেকিস্তানের ৪৮০ কোটি ডলারের খনি সম্প্রসারণ প্রকল্প নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। প্রকল্পটির তামা উৎপাদন প্রায় দ্বিগুণ করার লক্ষ্য নেয়া হয়েছিল।
এদিকে যুক্তরাজ্যের ক্রিটিক্যাল মিনারেলস ইন্টেলিজেন্স সেন্টার সম্প্রতি দস্তাকে ক্রিটিক্যাল মিনারেলের তালিকায় যুক্ত করেছে। এতে ধাতুটির দাম দশমিক ৪ শতাংশ কমেছে।
অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম গত সপ্তাহে ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের আবহাওয়া পরিস্থিতির কারণে প্রাকৃতিক গ্যাসের দাম ৪ দশমিক ৪ শতাংশ কমেছে।
আমেরিকান পেট্রোলিয়াম ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে বাণিজ্যিক অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ গত সপ্তাহে ১২ লাখ ব্যারেল বেড়েছে। জ্বালানি তেল ক্ষেত্রের পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান বেকার হিউজও জানিয়েছে, জ্বালানি তেলের কূপের সংখ্যা বেড়ে ৪৮২-তে পৌঁছেছে, যা আগের সপ্তাহ থেকে পাঁচটি বেশি।
কৃষি খাতেও গত সপ্তাহে মিশ্র প্রবণতা দেখা গেছে। রাশিয়ার কৃষি মন্ত্রণালয় শস্য ও গম রফতানির কোটা কমাতে পারে। এ পরিপ্রেক্ষিতে রুশ কৃষি পরামর্শক সংস্থা সভেকন ২০২৪-২৫ অর্থবছরে শস্য ও গম রফতানির পূর্বাভাস কমিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে গমের দাম ১ দশমিক ৭ ও ভুট্টার দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। তবে সয়াবিন ও চালের দাম কমেছে যথাক্রমে দশমিক ৫ ও ১ শতাংশ।
এদিকে ভিয়েতনামি ব্যবসায়ীদের অতিরিক্ত বিক্রি ও ব্রাজিল থেকে রফতানি বাড়ায় কফির দামে গত সপ্তাহে ব্যাপক পতন হয়েছে। পণ্যটির দাম আগের সপ্তাহগুলোয় কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। তবে সপ্তাহের শেষদিনে ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
পশ্চিম আফ্রিকায় শুষ্ক আবহাওয়া আগামী বছরের এপ্রিলে কোকো ফসলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কায় কোকোর দাম টনপ্রতি (দশমিক ৯১ টন) ৪ দশমিক ৯ শতাংশ বেড়েছে। ম্যাক্সার টেকনোলজির মতে, মৌসুমি শুষ্ক ও ধুলোযুক্ত বাতাস এ পরিস্থিতির আরো অবনতি ঘটাতে পারে। এদিকে চিনির দাম দশমিক ৬ ও তুলার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে।