ব্যক্তিগত কারণ উল্লেখ করে গত ২৪ মে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি এক্সচেঞ্জটির নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটির (এনআরসি) সদস্য ছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডিএসইর চেয়ারম্যান ও পাঁচজন স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেন। এর পর একই বছরের ১ সেপ্টেম্বর এক্সচেঞ্জটির পর্ষদে সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সে হিসেবে ডিএসইর পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান ১ বছর ৯ মাস দায়িত্ব পালন করেছেন।
ডিএসই সূত্রে জানা গেছে, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান দেশের একটি ব্যবসায়িক গ্রুপের শীর্ষ কর্মকর্তা হিসেবে যোগ দিতে যাচ্ছেন। এ কারণে তিনি ডিএসইর স্বতন্ত্র পরিচালক পদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) অধিভুক্ত আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক (ডিজি) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি নিউইয়র্কের হেনরি জর্জ স্কুল অব সোশ্যাল সায়েন্স এবং ম্যানিলায় সামরিক কমান্ড ও স্টাফ কোর্সে অংশ নিয়ে শীর্ষস্থান অর্জন করেছিলেন।