এশিয়ার প্রধান চাল রফতানিকারক দেশগুলোয় নতুন মৌসুমের সরবরাহ বেড়েছে। তবে চাহিদা কম থাকায় গত সপ্তাহে এ অঞ্চলের চালের বাজারের কার্যক্রম কম ছিল। এ সময় ভারত ও ভিয়েতনামের রফতানি মূল্য অপরিবর্তিত থাকলেও থাইল্যান্ডে কিছুটা দরপতন হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
ভারতের ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম গত সপ্তাহে ছিল টনপ্রতি ৩৪৪-৩৫০ ডলার। এ সময় একই মানের আতপ চালের দাম ছিল টনপ্রতি ৩৫০-৩৬০ ডলার। কলকাতাভিত্তিক এক ব্যবসায়ী জানান, দেশটির বিভিন্ন অঞ্চলে আবহাওয়া শুকনো থাকায় ধান কাটার গতি বেড়েছে। ফলে বাজারে সরবরাহ বাড়ছে।
ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যমতে, দেশটির ৫ শতাংশ খুদযুক্ত চালের রফতানিমূল্য বৃহস্পতিবার টনপ্রতি ৪১৫-৪৩০ ডলারে স্থিতিশীল ছিল। মেকং ডেল্টার কিছু এলাকায় ছোট আকারে ফসল সংগ্রহ চলছে। এতে সামনের দিনগুলোয় দেশটিতে খাদ্যশস্যটির দাম কমে আসতে পারে।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী অক্টোবরে ভিয়েতনামের চাল রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ৫৬ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৪৪ হাজার টনে। জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ১০ মাসে রফতানি ৭ দশমিক ৫ শতাংশ কমে ৭১ লাখ ৭০ হাজার টনে নেমেছে।
থাইল্যান্ডের ৫ শতাংশ খুদযুক্ত চালের মূল্য গত সপ্তাহে ছিল টনপ্রতি ৩৩৮ ডলার, এর আগের সপ্তাহে যা ছিল টনপ্রতি ৩৪০ ডলার। দেশটির ব্যবসায়ীরা বলছেন, চাহিদা কম থাকায় দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। সরবরাহও পর্যাপ্ত রয়েছে। এদিকে থাই সরকার সিঙ্গাপুরের সঙ্গে পাঁচ বছরে এক লাখ টন চাল বিক্রির একটি খসড়া চুক্তি অনুমোদন করেছে।