আসামে ৫০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে আদানি গ্রুপ। গতকাল গুয়াহাটিতে ‘অ্যাডভান্টেজ আসাম’ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পগোষ্ঠীটির প্রধান গৌতম আদানি এ প্রতিশ্রুতি দেন। খবর দ্য হিন্দু।
আসাম ও উত্তর-পূর্ব ভারতের উন্নয়নে আদানি গ্রুপের দেয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এ বিনিয়োগ। এর সঙ্গে গৌতম আদানি জানান, ঘোষিত বিনিয়োগের আওতায় অন্তর্ভুক্ত থাকবে বিমানবন্দর উন্নয়ন, অ্যারোসিটি, গ্যাস বিতরণ নেটওয়ার্ক, বিদ্যুৎ সঞ্চালন, সিমেন্ট ও সড়ক নির্মাণসহ বিভিন্ন খাত।
বিনিয়োগ সম্মেলনে গৌতম আদানি বলেন, ‘আমরা সবাই বিপুল উন্নয়নের আশায় রয়েছি। এ উন্নয়নের অংশ হতে চাই আমরাও। তাই আজ অত্যন্ত গর্বের সঙ্গে আমি জানাচ্ছি, আসামে ৫০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে আদানি গ্রুপ, এমনটাই প্রতিশ্রুতি দেয়া হয়েছে।’
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের লক্ষ্য স্মরণ করেন গৌতম আদানি। তিনি বলেন, ‘এখানে দাঁড়িয়ে আজকে আমি স্মরণ না করে পারছি না, ২০০৩ সালে এ উন্নয়নের সূচনা হয়েছিল, গুজরাটে এসেছিল বিপ্লব। এ “ভাইব্র্যান্ট গুজরাট গ্লোবাল সামিট” দৃষ্টিভঙ্গিকেই বদলে দিয়েছে। যা সে সময় একটি স্ফুলিঙ্গের মতো জন্ম নিয়েছিল, তা আজ সারা দেশজুড়ে উন্নয়নের জোয়ার আনছে। এর মাধ্যমেই প্রতিটি রাজ্য বিনিয়োগভিত্তিক অর্থনৈতিক রূপান্তরের দিকে ঝুঁকে পড়ছে।’