চীনের আমদানিতে সাময়িকভাবে বেড়েছে তাপীয় কয়লার দাম

সমুদ্রপথে চীনের আমদানি বৃদ্ধির কারণে সাময়িকভাবে তাপীয় কয়লার দাম বেড়েছে।

সমুদ্রপথে চীনের আমদানি বৃদ্ধির কারণে সাময়িকভাবে তাপীয় কয়লার দাম বেড়েছে। তবে খাতসংশ্লিষ্টরা বলছেন, এ বৃদ্ধির প্রভাব সাময়িক হতে পারে। কারণ কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের চাহিদা কমে আসছে। খবর রয়টার্স।

পণ্যবাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্যানুযায়ী, চীন সেপ্টেম্বরে সমুদ্রপথে মোট ২ কোটি ৭৪ লাখ ১০ হাজার টন তাপীয় কয়লা আমদানি করতে পারে। আগস্টে এ পরিমাণ ছিল ২ কোটি ৮৬ লাখ ৮০ হাজার টন, যা ডিসেম্বরের পর সর্বোচ্চ। দৈনিক ভিত্তিতে সেপ্টেম্বরের আমদানি গড়ে ৯ লাখ ১৪ হাজার টন। এটি আগস্টের ৯ লাখ ২৫ হাজার টনের কাছাকাছি।

অভ্যন্তরীণ উৎপাদন কমে যাওয়ায় চীনের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো কয়লা আমদানি বাড়িয়েছে। আগস্টে দেশটির উৎপাদনের পরিমাণ ছিল ৩৯ কোটি ৫ লাখ টন। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৩ শতাংশ কম। একই সময় রেকর্ড গরমের কারণে বিদ্যুতের চাহিদা বাড়ায় কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ঘণ্টায় ৬২ হাজার ৭৪০ কোটি বিলিয়ন কিলোওয়াটে পৌঁছেছে, যা গত বছরের চেয়ে ২ শতাংশ বেশি।

তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, চীনের আমদানি বৃদ্ধির প্রভাব দীর্ঘস্থায়ী নাও হতে পারে। নিরাপত্তা পরিদর্শন ও নবায়নযোগ্য শক্তি যেমন সৌর ও বায়ুবিদ্যুৎ উৎপাদন দ্রুত বাড়ায় কয়লার ব্যবহার কমতে পারে।

আরও