জাপানের সব গণপরিবহনে ক্রেডিট কার্ডে টিকেটিং

জাপানে শীর্ষ একটি ক্রেডিট কার্ড কোম্পানি দেশব্যাপী গণপরিবহনে টাচ পেমেন্টের মাধ্যমে টিকেটিং ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে। ২০২৬ সালের শুরুর দিকে এ পরিষেবা চালুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা।

জাপানে শীর্ষ একটি ক্রেডিট কার্ড কোম্পানি দেশব্যাপী গণপরিবহনে টাচ পেমেন্টের মাধ্যমে টিকেটিং ব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে। ২০২৬ সালের শুরুর দিকে এ পরিষেবা চালুর লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা। এর মাধ্যমে জাপানে বিদেশী পর্যটকদের চলাচল আরো সুবিধাজনক হবে। কারণ তাদের বড় একটি অংশকে সাধারণত নগদ অর্থ বা স্বল্পমেয়াদি ট্রানজিট কার্ডের ওপর নির্ভর করতে হয়। খবর জাপান টুডে।

প্রতিবেদন অনুসারে, শুধু কোম্পানিটির নিজস্ব ক্রেডিট কার্ড ব্যবহারকারীরাই নন, অন্যান্য ক্রেডিট কার্ডধারীরাও এ পরিষেবা নিতে পারবেন। নতুন এ ব্যবস্থায় ট্রেন ও বাসের টিকিট কেনার জন্য কার্ড ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন সুমিতোমো মিৎসুই কার্ড কোম্পানির এক কর্মকর্তা।

বর্তমানে জাপানে গণপরিবহনে চড়তে দর্শনার্থীরা সাধারণত টিকেট মেশিন ব্যবহার করেন। এছাড়া সুইকা বা পাসমো কার্ডের মতো চিপযুক্ত বিশেষ ট্রানজিট কার্ড কিনতে পারেন তারা।

সুমিতোমো মিৎসুই কার্ড কোম্পানির লক্ষ্য, ব্যবহারকারীরা যাতে তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজেই টাচ পেমেন্ট করতে পারেন। এ প্রক্রিয়া এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়েছে।

কোম্পানিটি কার্ড সেন্সর উন্নয়নের পাশাপাশি গণপরিবহন অপারেটরদের সঙ্গে কাজ করছে, যাতে ট্রেন স্টেশন ও বাসে প্রয়োজনীয় রিডিং ডিভাইস ইনস্টল করা যায়।

প্রতিবেদনে আরো বলা হচ্ছে, ক্রেডিট কার্ড ব্যবহারের এ উদ্যোগ পরিবহন অপারেটরদের চাপ কমাবে। বিশেষ করে ইংরেজি বা অন্যান্য ভাষায় ভাড়া সম্পর্কে ব্যাখ্যার প্রয়োজনীয়তা কমাবে এবং বাসচালকদের জন্য টিকেটিং ব্যবস্থাকে সহজ করবে।

সুমিতোমো মিৎসুই সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় টাচ পেমেন্ট ব্যবস্থা চালু করেছে। বর্তমানে জাপানের ৪৭টি প্রদেশের ৩১টিতে ১০৮টি পরিবহন অপারেটর এ ব্যবস্থা গ্রহণ করেছে।

বৈশ্বিক ক্রেডিট কার্ড ব্র্যান্ড ভিসার তথ্য অনুযায়ী, জাপানে টাচ পেমেন্টের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২০ সালের ১ শতাংশ থেকে বেড়ে গত বছর তা ৪০ শতাংশে পৌঁছেছে। এ প্রবৃদ্ধির পেছনে বিশেষ ভূমিকা রেখেছে কভিড-১৯ মহামারী। ওই সময় বিধিনিষেধের কারণে দোকান ও রেস্তোরাঁয় কার্ডের মাধ্যমে বিল পরিশোধের প্রবণতা বাড়ে।

বিশেষ করে ওসাকাকেন্দ্রিক কানসাই অঞ্চলে টাচ পেমেন্ট পদ্ধতির দ্রুত বিস্তার ঘটছে। আগামী ১৩ এপ্রিল থেকে ১৩ অক্টোবর পর্যন্ত এখানে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড এক্সপো ২০২৫। এ আয়োজনে প্রায় ২৮ মিলিয়ন দর্শনার্থী প্রত্যাশা করা হচ্ছে।

আরও