দেশের ব্যবসা-বাণিজ্য সহজ করার পাশাপাশি সুযোগ-সুবিধা বাড়াতে ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি খাতের অংশীজনের সঙ্গে প্রতি মাসে একবার ‘মিট দ্য বিজনেস’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে করসংক্রান্ত সমস্যার কথা জানাতে দপ্তরে দপ্তরে আর ঘোরা লাগবে না করদাতাদের।
প্রতি মাসের দ্বিতীয় বুধবার এ আয়োজনে যেসব ব্যবসায়ী অংশ নিতে চান, গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের তথ্য চেয়েছে সংস্থাটি। আগামী ১০ সেপ্টেম্বর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে চলতি মাসের সভা অনুষ্ঠিত হবে। সরকারি-বেসরকারি খাতের ৯৯টি সংগঠনের প্রধানকে এ বিষয়ে চিঠি দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে এফবিসিসিআই, এমসিসিআই, বিসিআই, এফআইসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ ট্যারিফ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঔষধ প্রশাসন অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, ট্রেড ফ্যাসিলিটেশনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রতি মাসের দ্বিতীয় বুধবার সব অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সভায় ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত হয়ে মাঠ পর্যায়ে কাস্টমস, আয়কর ও ভ্যাট বিষয়ে তাদের সমস্যার কথা সরাসরি এনবিআর চেয়ারম্যান ও সদস্যদের কাছে উপস্থাপন করতে পারবেন। এতে বিভিন্ন সমস্যা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে সংস্থাটি, যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।
এর আগে বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দিয়ে সময় চাওয়া কিংবা সংস্থা থেকে কোনো এক বা একাধিক খাতের ব্যবসায়ীদের ডেকে এ ধরনের সভা করা হতো। এছাড়া বাজেট ঘোষণার আগে খাতসংশ্লিষ্টদের সঙ্গে দেড়-দুই মাসব্যাপী প্রাক-বাজেট আলোচনা করে থাকে এনবিআর।
তবে সারা বছর কেন এনবিআরের সঙ্গে আলোচনা করা যায় না, সমস্যার কথা বলতে চাইলে দপ্তরে দপ্তরে ঘুরতে হয়, তা নিয়ে এক ধরনের সমালোচনা ছিল। এ কারণে প্রতি মাসে একটি বিশেষ সভার আয়োজন করে ব্যবসায়ীদের কাছ থেকে মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা জানা ও তা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।