২০২৫–২৬ অর্থবছরের বাজেটে শুধুমাত্র প্রবৃদ্ধির পরিবর্তে সামগ্রিক উন্নয়ন এবং অবকাঠামোর চেয়ে মানুষের উন্নয়নে নজর দেয়ার কথা বলা হলেও বাজেটের বরাদ্দে তার প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।
রোববার (২২ জুন) রাজধানীর গুলশানের একটি হোটেলে বাজেট নিয়ে আয়োজিত সিপিডির এক সংলাপে তিনি এ কথা বলেন।
সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. ফাহমিদা খাতুন বলেন, ‘বাজেটে কিছু ভালো ভালো উদ্দেশ্যের কথা বলা হয়েছে। প্রবৃদ্ধির বাইরে গিয়ে সামগ্রিক উন্নয়নের দিকে নজর দেয়ার কথা বলা হয়েছে। অতীতে আমরা মানুষের উন্নয়নের চেয়ে অবকাঠামো খাতে বেশি গুরুত্ব দিতে দেখেছি। সেখানে এবারের বাজেটে অবকাঠামোর বিপরীতে মানুষের ওপর জোর দেয়ার কথা বলা হয়েছে। কিন্তু বাজেট বরাদ্দে সে প্রতিশ্রুতির ফলাফল দেখা যায়নি।’
তিনি বলেন, ‘বাজেটে কর ব্যবস্থা নিয়ে অনেকগুলো পদক্ষেপ নেয়া হয়েছে। বিভিন্ন খাতে প্রণোদনাও দেয়া হয়েছে। অপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের ওপর কর বসিয়ে সেগুলো নিরুৎসাহিত করা হয়েছে। কিন্তু চলমান অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, বিনিয়োগ খরা ও ব্যবসার অতিরিক্ত খরচ থেকে সাধারণ মানুষকে রেহাই দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট পদক্ষেপ নেয়া হয়নি। অথচ বাজেটে ন্যায়ভিত্তিক ও টেকসই অর্থনীতি গড়ে তোলার কথা বলা হয়েছে। রাজস্ব আহরণ, ব্যয়ের কাঠামো কিংবা খাতভিত্তিক বরাদ্দের সঙ্গে সেই উদ্দেশ্য সাংঘর্ষিক।’
বাজেটে বড় কোনো সিদ্ধান্তের জন্য রাজনৈতিক উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ‘অনেকে বলছেন, বর্তমান উপদেষ্টা পরিষদে চারজন অর্থনীতিবিদ রয়েছেন। তারপরও কেন গতানুগতিক বাজেট হলো? আমি মনে করি, উপদেষ্টা পরিষদের সবাই অর্থনীতিবিদ হলেও ব্যতিক্রম কিছু হতো না। কারণ বড় কোনো সিদ্ধান্ত নিতে হলে যে সাহস দেখাতে হয়, সেটির জন্য রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন।’
সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংলাপে আরো উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাশরুর রিয়াজ, তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি এনামুল হক খান, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ, সোশ্যালিস্ট লেবার ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা প্রমুখ।