চীনে অপরিশোধিত ইস্পাত উৎপাদন হ্রাস পেয়েছে জুনে

চীনে গত মাসে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে মে মাসের তুলনায় ৩ দশমিক ৯ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ২ শতাংশ।

চীনে গত মাসে অপরিশোধিত ইস্পাত উৎপাদন কমেছে মে মাসের তুলনায় ৩ দশমিক ৯ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ২ শতাংশ। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর (এনবিএস) তথ্যানুযায়ী, এ সময় দেশটিতে ধাতবপণ্যটির মোট উৎপাদনের পরিমাণ ছিল ৮ কোটি ৩১ লাখ ৮০ হাজার টন, যা চলতি বছরের যেকোনো মাসের তুলনায় সর্বনিম্ন। এছাড়া এটি ২০২৩ সালের আগস্টের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। খবর হেলেনিক শিপিং নিউজ।

চীনে চাহিদা হ্রাস ও উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে অনেক ইস্পাত উৎপাদনকারী কারখানা বৈদ্যুতিক চুল্লিভিত্তিক উৎপাদন কমিয়ে দেয়। এটি সামগ্রিক উৎপাদন হ্রাসে বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন জিয়াংসু ফুশি ডাটা রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক কাই ইয়ংঝেং।

রয়টার্সের হিসাব অনুযায়ী, গত মাসে চীনের দৈনিক অপরিশোধিত ইস্পাত উৎপাদন দাঁড়িয়েছে গড়ে ২৭ লাখ ৭০ হাজার টনে, যা মে মাসের ২ দশমিক ৭৯ মিলিয়নের তুলনায় দশমিক ৭ শতাংশ কম।

চীনে উত্তরাঞ্চলের তীব্র গরম এবং পূর্ব ও দক্ষিণাঞ্চলের প্রবল বৃষ্টির কারণে নির্মাণ কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এটির প্রভাব সরাসরি ইস্পাতের চাহিদায় পড়েছে বলে জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা। এছাড়া অনেক উৎপাদনকারী রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলমান থাকাও উৎপাদন হ্রাসের পেছনে ভূমিকা রেখেছে।

আরও