কেন্দ্রীয় ব্যাংক প্রবর্তিত নতুন ঝুঁকিভিত্তিক তদারকি (আরবিএস) কাঠামো সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সচেতনতা বাড়াতে বিশেষ সেশনের আয়োজন করেছে ব্যাংক এশিয়া পিএলসি। সম্প্রতি রাজধানীর কারওয়ান বাজারে ব্যাংক এশিয়া টাওয়ারে এ সেশনটি অনুষ্ঠিত হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সেশনটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি পলিসি অ্যান্ড কো-অর্ডিনেশন বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুর রব ও অতিরিক্ত পরিচালক প্রশান্ত কুমার মণ্ডল। এ আয়োজনে ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আরকে হোসেনসহ ঊর্ধ্বতন ব্যবস্থাপনা পর্ষদের কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা অংশ নেন।
আলোচনায় আরবিএস কাঠামোর মূল্যায়ন পদ্ধতি, তদারকি কার্যক্রম বাস্তবায়ন, নতুন কাঠামোর কার্যপদ্ধতি ও সম্ভাব্য প্রভাব তুলে ধরা হয়। পাশাপাশি এ কাঠামো কার্যকরভাবে বাস্তবায়নে ব্যাংকের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়।
ব্যাংক এশিয়া জানিয়েছে, করপোরেট সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রক পরিপালন ব্যবস্থা জোরদার এবং কেন্দ্রীয় ব্যাংকের নতুন তদারকি কাঠামোর সঙ্গে কার্যক্রম সমন্বয়ে ব্যাংকটির অঙ্গীকারের অংশ এ উদ্যোগ।