অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনের দাম হতে পারে ২ হাজার ডলার

প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান অ্যাপল নিজেদের প্রথম ফোল্ডেবল বা ভাঁজযোগ্য ফোন বাজারে আনার জোর প্রস্তুতি নিচ্ছে।

দীর্ঘদিন ধরে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ‘আইফোন ফোল্ড’ সম্পর্কে নতুন কিছু তথ্য সামনে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপলের বহুল প্রতীক্ষিত ফোনটির দাম হতে পারে প্রায় ২ হাজার ডলার। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২ লাখ ৪০ হাজার টাকার বেশি। অ্যাপল বিশ্লেষক মার্ক গুরম্যানের মতে, আইফোন ১৮ সিরিজের সঙ্গেই বাজারে আসতে পারে নতুন ফোল্ডেবল ফোন। এর আগে ধারণা করা হয়েছিল ফোনটির দাম আরো অনেক বেশি হবে, তবে নতুন তথ্য অনুযায়ী অ্যাপল প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও গুগলকে টেক্কা দিতে দাম কিছুটা কমিয়ে নির্ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। গুরম্যান বলেন, ‘বর্তমানে স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড এবং গুগলের পিক্সেল ফোল্ডের সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামবে অ্যাপল।’ তিনি আরো জানান, আইফোন ফোল্ডের ভেতরের স্ক্রিনটি হতে পারে ৭ দশমিক ৮ ইঞ্চির, যা অনেকটা আইপ্যাডের মতো অভিজ্ঞতা দেবে। এতে ব্যবহারকারীরা পাশাপাশি দুটি অ্যাপ চালানোর সুবিধা পাবেন। ফোনটি যখন ভাঁজ করা থাকবে, তখন বাইরে থাকবে ৫ দশমিক ৩ ইঞ্চির একটি ছোট ডিসপ্লে। এছাড়া হার্ডওয়্যারের ক্ষেত্রে বড় পরিবর্তনের আভাস পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এতে ১২ জিবি র‍্যাম এবং সর্বোচ্চ এক টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা থাকবে। অ্যাপল এবার ক্যামেরার ক্ষেত্রেও চমক নিয়ে আসছে বলে জানান বিশ্লেষক জেফ পু। জানা যায়, ফোনে সামনের দিকে দুটি ১৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে এবং পেছনের মূল ক্যামেরা হিসেবে থাকতে পারে দুটি ৪৮ মেগাপিক্সেল সেন্সর। এছাড়া বিশেষ এ মডেলে অ্যাপল ফেস আইডির বদলে টাচ আইডি প্রযুক্তি ব্যবহার করতে পারে। ফোনের ভলিউম বাটন বা শব্দ নিয়ন্ত্রণের বোতামগুলোও বাম দিক থেকে সরিয়ে ডান দিকের ওপরের অংশে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্ববাজারে স্যামসাং এবং পিক্সেলের ফোল্ডেবল ফোনের আধিপত্য থাকলেও অ্যাপলের প্রবেশ এ খাতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা আইফোন প্রেমীদের। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও