হামিদ ফ্যাব্রিকসের কারখানা লে-অফ ঘোষণা

গ্যাস সংকটের কারণে কারখানা লে-অফ ঘোষণা করেছে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফ্যাব্রিকস পিএলসি।

গ্যাস সংকটের কারণে কারখানা লে-অফ ঘোষণা করেছে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি হামিদ ফ্যাব্রিকস পিএলসি। ১৮ সেপ্টেম্বর কোম্পানিটির পক্ষে এ-সংক্রান্ত একটি নোটিস দিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ শফিকুল আলম। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

নোটিসে বলা হয়েছে, গ্যাস লাইনে প্রয়োজনীয় প্রেসার না থাকায় প্রায় দুই বছর ধরে কারখানাটির উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। বিকল্প ব্যবস্থা হিসেবে সিএনজি ও এলএনজি ব্যবহার করে উৎপাদন চালিয়ে যেতে থাকে প্রতিষ্ঠানটি। তবে গ্যাস সংকট আরো প্রবল আকার ধারণ করায় কারখানাটির উৎপাদন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয়। এমতাবস্থায় বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্ত ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

কোম্পানিটি আরো জানিয়েছে, গ্যাস সমস্যা সমাধানে কর্তৃপক্ষ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা আশা করছে এ সমস্যা শিগগিরই সমাধান করে পুনরায় কারখানাটি চালু করা হবে।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) হামিদ ফ্যাব্রিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ৮৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২১ পয়সা। আলোচ্য হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩২ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০ টাকা ৮১ পয়সায়।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি হামিদ ফ্যাব্রিকসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৯ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩ টাকা ৬৬ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে বাকি বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে হামিদ ফ্যাব্রিকস। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৭ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৭১ পয়সায়।

২০১৪ সালে পুঁজিবাজারে তালিকভুক্ত হামিদ ফ্যাব্রিকসের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ৯১ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১৫৪ কোটি ৯৯ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ১০ লাখ ৫৭ হাজার ৩১২।

এর ৫১ দশমিক ৩৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগাকারীদের কাছে ১৮ দশমিক ৭৩ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৯ দশমিক ৮৯ শতাংশ শেয়ার রয়েছে।

আরও