বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘রফতানি বহুমুখীকরণ উদ্যোগে পুনঃঅর্থায়ন স্কিম’ শীর্ষক তহবিলে যুক্ত হয়েছে মধুমতি ব্যাংক পিএলসি। এ স্কিমের আওতায় দেশের রফতানিমুখী শিল্পে বার্ষিক ৭ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা দেবে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি। মধুমতি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সফিউল আজম এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের পরিচালক একেএম নূরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ অর্থায়ন সুবিধা দেশের রফতানি খাতের উন্নয়ন ও বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।