অভ্যন্তরীণ ও বিদেশী চাহিদা হ্রাসের কারণে ভারতের বাজারে কমেছে জিরার দাম। বাজার বিশ্লেষণী প্রতিষ্ঠান কেডিয়া অ্যাডভাইজরির তথ্যানুযায়ী, ফিউচার মার্কেটে মসলাপণ্যটির দাম কমেছে ১ দশমিক ৫৬ শতাংশ। প্রতি কুইন্টালের দাম নির্ধারণ হয়েছে ১৮ হাজার ৯১০ রুপি। খবর ইনভেস্টিংডটকম।
ব্যবসায়ীরা জানিয়েছেন, খুচরায় বেচাকেনা হওয়ার মৌসুম শেষ হওয়ায় অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমে গেছে। এছাড়া অন্যান্য দেশেও চাহিদা কম। বর্তমানে বাজারে মজুদ দ্রব্য দিয়েই রফতানির চাহিদা পূরণ হচ্ছে। এতে নতুন লেনদেনের গতি মন্থর হয়ে পড়েছে।
তারা আরো জানান, কৃষকদের হাতে এখনো প্রায় ২০ লাখ বস্তা জিরা রয়েছে। এর মধ্যে এ মৌসুমে মাত্র তিন-চার লাখ বস্তার লেনদেন হওয়ার সম্ভাবনা আছে। ফলে মৌসুম শেষে প্রায় ১৬ লাখ বস্তা জিরা অবিক্রীত থেকে যেতে পারে।
এদিকে ভারতে জিরা উৎপাদন কিছুটা কমেছে। চলতি মৌসুমে পণ্যটির উৎপাদন প্রায় ৯০-৯২ লাখ বস্তায় দাঁড়াতে পারে, গত বছর যা ছিল প্রায় ১ কোটি ১০ লাখ বস্তা। এর মধ্যে গুজরাটে উৎপাদনের পরিমাণ হতে পারে ৪২-৪৫ লাখ বস্তা।