যুক্তরাষ্ট্রের ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং এশিয়ার বাজারে লেনদেন কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তামার দাম কিছুটা কমেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ধাতব পণ্যটির ক্রমবর্ধমান মজুদ ও বিশ্ববাজারে দুর্বল চাহিদা। খবর বিজনেস রেকর্ডার।
লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) গতকাল তিন মাস মেয়াদি সরবরাহ চুক্তিতে প্রতি টন তামার দাম দশমিক ৫ শতাংশ কমেছে। এদিন পণ্যটির দাম টনে ১২ হাজার ৭৮২ ডলার ৫০ সেন্টে স্থির হয়।
বাজার বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহে চীনে চান্দ্র নববর্ষের ছুটি চলছে। এ কারণে বাজারে লেনদেনের পরিমাণ অনেক কম। এ পরিস্থিতিতে গত বুধবার এলএমইতে চুক্তির মেয়াদ শেষ হওয়া বা নবায়নের কারণে বাজারে অস্থিরতা দেখা দিতে পারে।
অন্যান্য ধাতুর মধ্যে এলএমইতে দস্তার দাম দশমিক ৬ শতাংশ কমে টনপ্রতি ৩ হাজার ২৬৯ ডলারে নেমেছে। অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৪১ ডলারে। সিসার দাম দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৯৫৬ ডলার হলেও টিনের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪৫ হাজার ২২৫ ডলারে পৌঁছেছে। এছাড়া নিকেলের দাম টনপ্রতি ১৭ হাজার ১০০ ডলারে অপরিবর্তিত রয়েছে।