রেকর্ড গড়ল জিটিএ সিক্সের প্রি-অর্ডার

এক ঘণ্টায় আয় ১০০ কোটি ডলার

জনপ্রিয় ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো সিক্স বা জিটিএ সিক্স বাজারে আসার আগেই আয়ের নতুন রেকর্ড গড়েছে।

গত সপ্তাহে প্রি-অর্ডার বা অগ্রিম বুকিং শুরুর মাত্র ১ ঘণ্টার মধ্যে গেমটি ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলার আয় করেছে। খবর গেমর‍্যান্ট।

বিভিন্ন বাজার বিশ্লেষক ও প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রি-অর্ডারের মাধ্যমে এরই মধ্যে জিটিএ সিক্স গেমটির প্রায় ৩ কোটি ৯০ লাখ কপি বিক্রি হয়েছে। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের মূল কোম্পানি টেক-টু ইন্টারঅ্যাকটিভ এসব তথ্য নিশ্চিত করেছে।

গেমটি তৈরিতে খরচও হয়েছে ব্যাপক অর্থ। জানা যায়, জিটিএ সিক্স নির্মাণে যে পরিমাণ সময় ও অর্থ ব্যয় হয়েছে, তা বাস্তবে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা নির্মাণের চেয়েও বেশি।

যদিও রকস্টার গেমস আনুষ্ঠানিকভাবে নির্মাণ ব্যয়ের হিসাব প্রকাশ করেনি, তবে গেমিং শিল্প বিশেষজ্ঞ ও বিভিন্ন ফাঁস হওয়া প্রতিবেদনে দাবি করা হয়, গেমটির মোট বাজেট ১৫০-২০০ কোটি ডলার। বিপুল বাজেটের মাধ্যমে গেমটি এখন বিনোদন জগতের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল পণ্য।

আগের সংস্করণের সঙ্গে তুলনা করলে বিষয়টি আরো পরিষ্কার হয়। সর্বকালের সেরা বিক্রীত গেম গ্র্যান্ড থেফট অটো ফাইভ বা জিটিএ ৫-এর ১০০ কোটি ডলার আয় করতে সময় লেগেছিল টানা তিনদিন।

উল্লেখ্য, জিটিএ ৫ উন্মোচন হওয়ার প্রায় ১৩ বছর পর প্রকাশ পাচ্ছে এর পরবর্তী সংস্করণ জিটিএ সিক্স। নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমস নিশ্চিত করেছে, আগামী ১৯ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে গেমটি।

আরও