বাংলাদেশে ডিজিটাল মুদ্রা (ক্রিপ্টোকারেন্সি) চালুর অনুরোধ জানিয়ে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে ডিএলএএ ইনভেস্টমেন্ট গ্রুপ নামের একটি মার্কিন প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর বরাবর ইস্যু করা চিঠিতে ডিজিটাল মুদ্রা চালুর ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও বেসরকারি ব্যাংকগুলোর জন্য মূলধন ও তারল্য নিয়ে একটি প্রস্তাবও দিতে চায়। এ সম্পর্কিত চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের লক্ষ্য বাংলাদেশে সরকারি প্রকল্প বাস্তবায়ন এবং বেসরকারি খাতের বৃহৎ উদ্যোগগুলোর আর্থিক ব্যবস্থায় ডিজিটাল মুদ্রা চালু করা।’ চিঠিতে ডিজিটাল মুদ্রা ও মুদ্রা ব্যবস্থাপনা সম্পর্কে একটি ধারণাও দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে ডিজিটাল মুদ্রা। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে কেন্দ্রীয় ব্যাংক কিংবা বেসরকারি ব্যাংকগুলো সহজেই একটি স্থিতিশীল ও নিরাপদ পদ্ধতিতে অর্থায়ন করতে পারে।