ইউরোপে তাপীয় কয়লার ব্যবহার কমার পূর্বাভাস

ইউরোপে ২০২৬ সালে তাপীয় কয়লার ব্যবহার আরো দ্রুত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির গবেষণা ও বিশ্লেষণ বিভাগ সিইআরএ।

ইউরোপে ২০২৬ সালে তাপীয় কয়লার ব্যবহার আরো দ্রুত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এসঅ্যান্ডপি গ্লোবাল এনার্জির গবেষণা ও বিশ্লেষণ বিভাগ সিইআরএ। সংস্থাটি জানিয়েছে, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, এলএনজি আমদানি বৃদ্ধি ও প্রাকৃতিক গ্যাসের দাম কমে যাওয়ায় ইউরোপের দেশগুলোয় বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার কমে আসছে। এছাড়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো ধীরে ধীরে বন্ধও করে দিচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। খবর হেলেনিক শিপিং নিউজ।

সিইআরএর হিসাব অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় তাপীয় কয়লা আমদানি ১৫-২০ শতাংশ কমে যেতে পারে। এ সময় মোট আমদানির পরিমাণ নেমে আসতে পারে প্রায় তিন কোটি টনে।

কম বায়ুপ্রবাহের কারণে ২০২৫ সালের প্রথমার্ধে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বাড়লেও বছরের দ্বিতীয়ার্ধে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক গ্যাসের দর কমে যাওয়ায় আবার উৎপাদন ও আমদানি কমে আসে। এ ধারা ২০২৬ সালেও অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিম ইউরোপে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ২০২৬ সালে বছর ভিত্তিতে ৪০ শতাংশের বেশি কমে গড়ে মাত্র তিন গিগাওয়াটে নামতে পারে। এছাড়া এ সময় ইতালিতে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৫০ শতাংশ কমতে পারে।

আরও