চীনে গত মাসে দৈনিক কয়লা উত্তোলনের পরিমাণ রেকর্ড ছুঁয়েছে। গতকাল দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) এক প্রতিবেদনে জানিয়েছে, গত মাসে চীন মোট ৪২ কোটি ৭৯ লাখ ৮০ হাজার টন কয়লা উত্তোলন করেছে। এ সময় দৈনিক গড় উত্তোলনের পরিমাণ ছিল ১ কোটি ৪২ লাখ ৭০ হাজার টন, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। এ ধারাবাহিকতায় চলতি বছর দেশটি রেকর্ড উত্তোলন করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। খবর রয়টার্স।
এনবিএসের তথ্যানুযায়ী, চীন অক্টোবরে দৈনিক গড়ে ১ কোটি ৩২ লাখ ৮০ হাজার টন উত্তোলন করেছিল। আগের মাসে করেছিল ১ কোটি ৩৮ লাখ ২০ হাজার টন।
নভেম্বরে চীনের রাষ্ট্রায়ত্ত সম্পদ নিয়ন্ত্রণ সংস্থা এসএএসএসি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শীতকালে কয়লা উত্তোলন বাড়ানোর নির্দেশ দিয়েছিল। লক্ষ্য ছিল শীতকালের বাড়তি চাহিদা মেটাতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা। ফলে বিশ্লেষকরা ধারণা করছিলেন, চলতি বছরের শেষ দুই মাসে উত্তোলন বাড়বে।
চলতি বছরের প্রথম ১১ মাসে চীনের মোট কয়লা উৎপাদন দাঁড়িয়েছে ৪৩২ কোটি টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি। এটি গত বছরের ৪৬৬ কোটি টন উত্তোলনের রেকর্ড ভেঙে দিতে পারে।
এদিকে ভারত ও চীনের মতো কয়লার শীর্ষ ব্যবহারকারী দেশগুলোয় শিল্প-কারখানার কার্যক্রম কমে গেছে। অন্যদিকে অভ্যন্তরীণ উত্তোলন বাড়ছে। এ অবস্থায় আগামী বছর নাগাদ এশিয়ার দেশগুলোয় বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার হয় এমন কয়লার দাম কমতে পারে।