হবিগঞ্জ গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে বাড়তি ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হলো

হবিগঞ্জ গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার শেষে দৈনিক বাড়তি প্রায় ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।

হবিগঞ্জ গ্যাস ক্ষেত্রের ৫ নম্বর কূপের ওয়ার্কওভার শেষে দৈনিক বাড়তি প্রায় ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। ফলে কূপটি থেকে প্রতিদিন গ্যাস উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ২৬ মিলিয়ন ঘনফুটে।

হবিগঞ্জের শাহজিবাজার এলাকায় গতকাল এ গ্যাস উত্তোলনকাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. রেজানুর রহমান। এ সময় বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফারুক হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিএফসিএল জানিয়েছে, তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাস ক্ষেত্রে সাতটি কূপ ওয়ার্কওভারের মাধ্যমে গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার পরিকল্পনা করা হয়। এ লক্ষ্যে গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) ও কোম্পানির নিজস্ব অর্থায়নে ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ এবং মেঘনা ফিল্ডে সাতটি কূপ ওয়ার্কওভার’ শীর্ষক প্রকল্পটি নেয়া হয়। এর আওতায় হবিগঞ্জ-৫ নম্বর কূপের ওয়ার্কওভার কাজ বাপেক্স তাদের ‘বিজয়-১১’ রিগ (খননযন্ত্র) দিয়ে করেছে। হবিগঞ্জের এ কূপ ১৯৮৮ সালে ৩ হাজার ৫২১ মিটার গভীরতায় খনন করা হয়েছিল।

ওয়ার্কওভারের আগে কূপটি ১ হাজার ৫২১ পিএসআই চাপে দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছিল। কূপটিতে ওয়ার্কওভারের মাধ্যমে নতুন গ্যাস উৎপাদন বৃদ্ধি, কূপের লাইফটাইম বৃদ্ধি এবং নিরাপদ ও নিরবচ্ছিন্নভাবে গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হচ্ছে। গত ২৪ অক্টোবর ওয়ার্কওভার কাজ শুরু হয়ে ২ ডিসেম্বর কাজ শেষ হয়।

ওয়ার্কওভার শেষে গতকাল থেকে দৈনিক ২৬ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ওয়ার্কওভারের মাধ্যমে দৈনিক অতিরিক্ত প্রায় ১২ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হয়েছে, যা জাতীয় জ্বালানি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা রাখছে বলে জানিয়েছে পেট্রোবাংলা।

আরও