সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে কাঁচা তুলা আমদানি কমেছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম নয় মাসের (জুলাই-মার্চ) তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে পণ্যটি আমদানি কমেছে ৩ হাজার ৫০০ টনের ওপরে।
ভারতে কাঁচা তুলার সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দাম বাড়ায় পণ্যটির আমদানি কমেছে বলে মন্তব্য করেছেন ভোমরাকেন্দ্রিক একাধিক ব্যবসায়ী ও আমদানিকারক। লোকসান এড়াতে অনেকে তুলা আমদানি করছেন না বলেও জানান ব্যবসায়ীরা।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম নয় মাসে এ বন্দর দিয়ে কাঁচা তুলা আমদানি হয়েছে ১ হাজার ৫৫৬ টন। যার মূল্য ৮৫ কোটি ৮৫ লাখ টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মার্চে ৫ হাজার ১০৩ টন তুলা আমদানি করেছিলেন বাংলাদেশের আমদানিকারকরা। যার মূল্য ছিল ২৭৮ কোটি ৯৩ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় পণ্যটির আমদানি কমেছে ৩ হাজার ৫৪৭ টন।
ভোমরা স্থলবন্দরের মাধ্যমে তুলা আমদানির অন্যতম প্রতিষ্ঠান মেসার্স মজুমদার এন্টারপ্রাইজের ব্যবস্থাপক দীপংকর ঘোষ বণিক বার্তাকে জানান, অন্যান্য কৃষিজাত পণ্যের পাশাপাশি তুলা আমদানি করে প্রতিষ্ঠানটি। তবে গত অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে তুলা আমদানি কমেছে অন্তত ৫০-৫৫ শতাংশ। আমদানি কমে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘ভারত থেকে কাঁচা তুলা আমদানি করতে যে খরচ পড়ে যাচ্ছে তা বাংলাদেশে বিক্রি করে লোকসান হচ্ছে। ফলে অনেক ব্যবসায়ী তুলা আমদানিতে উৎসাহ হারাচ্ছেন। তাছাড়া কোনো কোনো ব্যবসায়ী লোকসান এড়াতে তুলা আমদানি বন্ধ করে দিয়েছেন।’
আমদানি কমে যাওয়ায় দেশে তুলা সংকটের আশঙ্কা করছেন সুতা উৎপাদনকারী সাতক্ষীরা সুন্দরবন টেক্সটাইলস মিলের সাবেক ব্যবস্থাপক অ্যাডভোকেট শফিউল ইসলাম খান। একই সঙ্গে সরবরাহ স্থিতিশীল রাখতে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। তিনি জানান, দেশের সুতা উৎপাদন কারখানার চাহিদা মেটাতে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে সুতা আমদানি করা হয়। তবে স্থানীয়ভাবে তুলা উৎপাদন বাড়াতে পারলে এ সংকট দূর হবে।
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাতক্ষীরা কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিমুল মণ্ডল বণিক বার্তাকে বলেন, ‘পাশের জেলা যশোর অঞ্চলে তুলা চাষ হলেও সাতক্ষীরায় কৃষকরা তুলা চাষে আগ্রহী না কেন? অথচ তুলা চাষে খুবই সম্ভাবনাময় জেলা সাতক্ষীরা। তুলা কিছুটা লবণ সহ্য করতে পারে এবং বেলে দোআঁশ মাটিতে সবচেয়ে ভালো হয়। কিন্তু তুলা চাষে এখানকার কৃষকদের পরামর্শ দেয়া হয় না।’
দেশে সুতা উৎপাদনের কাঁচামাল হিসেবে তুলার ব্যাপক চাহিদা রয়েছে। এটি লাভজনক ফসল, যা কৃষকদের বোঝাতে পারলে সাতক্ষীরায় ব্যাপকভাবে তুলা উৎপাদন করা সম্ভব বলেও জানান শিমুল মণ্ডল।