সিবিওটিতে সাপ্তাহিক মুনাফার পথে ভুট্টার বাজার

যুক্তরাষ্ট্রে ভুট্টা উৎপাদন ও সমাপনী মজুদ কমার পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)।

যুক্তরাষ্ট্রে ভুট্টা উৎপাদন ও সমাপনী মজুদ কমার পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। ফলে সরবরাহ সংকটের আশঙ্কায় টানা দ্বিতীয়বারের মতো সাপ্তাহিক মুনাফার পথে ভুট্টার বাজারদর। খবর বিজনেস রেকর্ডার।

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) চলতি সপ্তাহে এ পর্যন্ত ভুট্টার দাম বেড়েছে ১ দশমিক ৫ শতাংশ। গতকাল তা আগের দিনের তুলনায় দশমিক ৬ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে। প্রতি বুশেলের (৬০ পাউন্ড) মূল্য পৌঁছেছে ৪ ডলার ৭৭ সেন্টে।

রাবোব্যাংক বিশ্লেষকরা একটি নোটে বলেন, ‘‌ইউএসডিএর পূর্বাভাস সংশোধনের প্রভাব পড়েছে ভুট্টার বাজারে। স্বল্পমেয়াদে দাম বাড়ছে বলে মনে হচ্ছে। দক্ষিণ আমেরিকার শস্যের পরিস্থিতি দীর্ঘমেয়াদে পণ্যটির বাজারে প্রভাব ফেলতে পারে।’

আর্জেন্টিনায় সপ্তাহান্তে বৃষ্টিপাত হয়েছে। এতে শস্যের অবস্থা উন্নত হতে পারে। তবে সংশ্লিষ্টরা বলছেন, আসন্ন সপ্তাহগুলোয় আবারো খরা দেখা দিতে পারে।

এদিকে গতকাল সিবিওটিতে সয়াবিনের দাম বেড়েছে দশমিক ৭ শতাংশ। বুশেলপ্রতি মূল্য স্থির হয়েছে ১০ ডলার ২৫ সেন্টে। গমের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে বুশেলে ৫ ডলার ৩৯ সেন্টে পৌঁছেছে।

আরও