চট্টগ্রাম বন্দর

রেড সি টার্মিনালে যুক্ত হলো অত্যাধুনিক ১৪ ক্রেন

চট্টগ্রাম বন্দরের রেড সি গেটওয়ে টার্মিনালে (আরএসজিটি চিটাগং) নতুন ১০টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন বা আরটিজি যুক্ত করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের রেড সি গেটওয়ে টার্মিনালে (আরএসজিটি চিটাগং) নতুন ১০টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন বা আরটিজি যুক্ত করা হয়েছে। এ নিয়ে দুই দফায় টার্মিনালটির বহরে কনটেইনার ওঠানো-নামানোর ১৪টি ক্রেন যুক্ত করা হলো। এজন্য সৌদি আরবের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএসজিটি ২৫ মিলিয়ন ডলার বা ৩০৫ কোটি টাকা বিনিয়োগ করেছে।

টার্মিনালটি ঘুরে দেখা যায়, চীন থেকে আনা নতুন ক্রেন জাহাজ থেকে টার্মিনাল চত্বরে নামানোর কাজ চলছে। এসব ক্রেন নভেম্বরে চালু হবে। অত্যাধুনিক এ যন্ত্রের সাহায্যে টার্মিনাল চত্বরে গাড়ি থেকে কনটেইনার তুলে একটির ওপর আরেকটি সাজিয়ে রাখা হয়। একইভাবে বিভিন্ন স্তরে থাকা কনটেইনার নামিয়ে চত্বরে রাখা যায়।

জানা যায়, গত বছরের জুনে এ টার্মিনাল সরকারি-বেসরকারি অংশীদারত্বের আওতায় সৌদি আরবের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান আরএসজিটিকে দায়িত্ব দেয়া হয়। এটি বাংলাদেশের প্রথম টার্মিনাল, যেটি প্রথমবার সরকারি-বেসরকারি অংশীদারির আওতায় দীর্ঘ মেয়াদে পরিচালনার জন্য ছেড়ে দেয়া হয়েছে। টার্মিনালটিতে তিনটি জেটি রয়েছে। এসব জেটিতে আসা জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো ও সংরক্ষণ করা হয়।

আরএসজিটি কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ক্রেনগুলো সর্বোচ্চ ৪১ টন ওজনের কনটেইনার তুলতে সক্ষম। বিদ্যুৎ ও জ্বালানি তেলের সমন্বয়ে চালিত এ ক্রেনগুলো জ্বালানি ব্যয় ও কার্বন নিঃসরণ কমাবে। স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে কনটেইনার পরিচালন কাজে গতি বাড়বে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি অনুযায়ী, দুই বছরের মধ্যে অর্থাৎ আগামী বছরের জুনের মধ্যে টার্মিনালটিতে সব যন্ত্রপাতি স্থাপন করার কথা রয়েছে। যদিও নির্ধারিত সময়ের আগেই আরটিজি যুক্ত করা হয়েছে।

এ প্রসঙ্গে আরএসজিটি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যারউইন হেইজ জানান, নতুন এ যন্ত্রগুলো টার্মিনালটির কাজের গতি, জ্বালানি সাশ্রয় ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও