আরএমজি খাতে ডিজিটাল টুলকিট চালু

টেকসই পরিবেশ তৈরির পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের কর্মীদের জন্য স্বাস্থ্য ও সুস্থতাবিষয়ক ‘ডিজিটাল টুলকিট’ ব্যবহারকারীদের জন্য সহজবান্ধব একটি প্লাটফর্ম, যা কর্মী ও কারখানা ব্যবস্থাপকদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য সরবরাহ করবে।

বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের কর্মীদের জন্য স্বাস্থ্য ও সুস্থতাবিষয়ক ‘ডিজিটাল টুলকিট’ ব্যবহারকারীদের জন্য সহজবান্ধব একটি প্লাটফর্ম, যা কর্মী ও কারখানা ব্যবস্থাপকদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য সরবরাহ করবে। একই সঙ্গে এ টুলকিট কেবল স্বাস্থ্যসচেতনতাই বাড়াবে না, বরং এটি কর্মীদের কর্মক্ষেত্রের টেকসই পরিবেশ তৈরির পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে অনুপস্থিতি কমাতে সহায়তা করবে বলে মনে করেন খাতসংশ্লিষ্টরা। গতকাল বাংলাদেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের কর্মীদের জন্য স্বাস্থ্য ও সুস্থতাবিষয়ক একটি ডিজিটাল টুলকিট উদ্বোধনের সময় বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিএমইএর প্রশাসক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), ওয়ালমার্ট, প্রাইমার্কসহ, তৈরি পোশাক শিল্পের ক্রেতা, কারখানা মালিকরা।

আয়াত এডুকেশন, বিজিএমইএ, জন সি মার্টিন ফাউন্ডেশন ও ইন্টিগ্রাল গ্লোবালের যৌথ উদ্যোগে চালুকৃত এ টুলকিট অনলাইন ব্যবহারকারীদের জন্য সহজবান্ধব একটি প্লাটফর্ম, যা কর্মী ও কারখানা ব্যবস্থাপকদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য সরবরাহ করবে। এটি বিজিএমইএর ওয়েবসাইটে বাংলা ও ইংরেজি ভাষায় পাঠযোগ্য এবং মোবাইল ডিভাইসে ব্যবহার উপযোগী। এতে ডাউনলোডযোগ্য ভিডিও কনটেন্ট এবং কারখানার আইটি সিস্টেমের সঙ্গে ইন্টিগ্রেশন করার সুবিধা রয়েছে।

মো. আনোয়ার হোসেন বলেন, ‘তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি, যা এ শিল্পের কর্মীদের প্রচেষ্টা ও পরিশ্রমের ওপর নির্ভরশীল। আয়াত এডুকেশনের স্বাস্থ্য ও সুস্থতাবিষয়ক এ ডিজিটাল টুলকিট একটি সময়োপযোগী ও উদ্ভাবনী সমাধান, যা আমাদের এ শিল্পকে আরো শক্তিশালী, স্বাস্থ্যকর ও টেকসই করবে। টুলকিটটির মাধ্যমে বিজিএমইএ ছাড়াও অন্যান্য সেক্টর উপকৃত হবে। কর্মীদের স্বাস্থ্যগত উপাত্তগুলোকে নিয়মিত মনিটরিং করা জরুরি।’

আয়াত এডুকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নুসরাত ফিরোজ আমান বলেন, ‘কারখানার কর্মীদের জন্য প্রয়োজনীয় জ্ঞান ও তথ্য উপকরণ দিয়ে ক্ষমতায়িত করা খুবই গুরুত্বপূর্ণ। এটি কেবল স্বাস্থ্যসচেতনতাই বাড়াবে না, বরং কর্মীদের কর্মক্ষেত্রের টেকসই পরিবেশ তৈরির পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি ও কর্মক্ষেত্রে অনুপস্থিতি কমাতে সহায়তা করবে।’

ইন্টিগ্রাল গ্লোবালের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাবিল আহমেদ বলেন, ‘এ টুলকিট পোশাক শিল্প খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে তৈরি হবে, যা শ্রমিক ও কারখানার মালিক পক্ষকে কার্যকর উপায়ে স্বাস্থ্য-সুস্থতাবিষয়ক তথ্য ও উপকরণ প্রদান করবে। পাশাপাশি এটি তাদের সুস্থতা, উৎপাদনশীলতা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে।’

আরও