সিলেটে বাণিজ্যমন্ত্রী

সিন্ডিকেট ভাঙতে দেশের পুরো সাপ্লাই চেইন এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে

সিন্ডিকেট ভাঙতে দেশের পুরো সাপ্লাই চেইন এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, ‘এতে আমদানিকারক, পাইকার ও খুচরা বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবার তথ্য একটি কেন্দ্রীয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত থাকবে, যা বাজার মনিটরিং সহজ করবে।’

সিলেট নগরীর টিলাগড়ে গতকাল জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ‘কৃষকের হাট’ উদ্বোধনকালে এ কথা বলেন মন্ত্রী। এ হাটে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করবেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমদানিনির্ভর পণ্যমূল্য স্থিতিশীল রাখতে দেশের পুরো সাপ্লাই চেইন এআই মডেলে অন্তর্ভুক্ত করা হবে। এতে বাজার নজরদারি সহজ হবে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল থাকবে।

টিসিবির কার্যক্রমের পরিধি বাড়ানো হবে জানিয়ে তিনি বলেন, ‘সরকার প্রতি বছর টিসিবির কাজের জন্য ৩২০০-৩৩০০ কোটি টাকা ভর্তুকি দেয়, এটা কমানো হবে। তবে টিসিবির কার্যক্রম বাড়ানো হবে।’ সারা দেশে কৃষক যাতে তার উৎপাদিত পণ্য সপ্তাহে একদিন হলেও সরাসরি ক্রেতাদের কাছে বিক্রি করতে পারেন সে বিষয়ে প্রত্যেক জেলায় জেলা প্রশাসকরা ব্যবস্থা নেবেন বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ‘কৃষকের হাট’ শীর্ষক উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিদিন সকালে টিলাগড় পয়েন্টের নির্ধারিত স্থানে এ বাজারের কার্যক্রম চলবে। এখানে সিলেটের প্রান্তিক কৃষকরা কোনো ধরনের মধ্যস্থতাকারী বা দালালের সহায়তা ছাড়াই তাদের উৎপাদিত পণ্য সরাসরি সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম প্রমুখ।

আরও